“যদি প্রতিশোধ নিই, তাহলে আমরা কীভাবে ওদের চেয়ে ভালো হলাম?” – নেলসন ম্যান্ডেলা
১৯৯৪ সালের ১০ মে। দিনটি শুধু দক্ষিণ আফ্রিকার জন্য নয়, পুরো বিশ্বের ইতিহাসে ছিল এক সন্ধিক্ষণের মুহূর্ত। সেদিনই বর্ণবাদের দীর্ঘ অন্ধকার যুগের অবসান ঘটিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নেলসন ম্যান্ডেলা। রাজধানী প্রিটোরিয়ার ইউনিয়ন ভবনে আয়োজিত ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪০টির বেশি দেশের প্রতিনিধি। সেখানেই ম্যান্ডেলা উচ্চারণ করেন তাঁর ঐতিহাসিক ভাষণ-
“এই সুন্দর ভূমি আর কখনো একে অন্যের দ্বারা নিপীড়নের মুখোমুখি হবে না। বিশ্বের বুকে আর অপমানিত হতে হবে না।”
দীর্ঘ সংগ্রামের প্রতিচ্ছবি-
নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার কুনু গ্রামে। দেশবাসীর ভালোবাসায় তিনি পরিচিত ছিলেন ‘মাদিবা’ নামে- অর্থাৎ ‘জাতির জনক’। তরুণ বয়সে ১৯৪৪ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (এএনসি) যোগ দিয়ে বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। দশকের পর দশক ধরে চলা আন্দোলনের পথ ধরেই তিনি হয়ে ওঠেন বিশ্বব্যাপী বর্ণবৈষম্যবিরোধী লড়াইয়ের প্রতীক।
১৯৬০ সালের শার্পভিল হত্যাকাণ্ডে ৬৯ কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি হয়। নিষিদ্ধ করা হয় এএনসি। গ্রেপ্তার হন ম্যান্ডেলা। এরপর ‘রিভোনিয়া মামলা’র মাধ্যমে ১৯৬৪ সালে তাঁকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। শুরু হয় রোবেন দ্বীপে ১৮ বছরের কঠিন কারাবাস। পরে স্থানান্তরিত হন কেপটাউনের পোলসমুর কারাগারে।
তাঁর কারাবন্দি জীবনের মাঝেও আন্তর্জাতিক অঙ্গনে বাড়তে থাকে তাঁর মুক্তির দাবিতে আন্দোলন। অবশেষে, তুমুল জনচাপ ও আলোচনার পর ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি ম্যান্ডেলা নিঃশর্ত মুক্তি পান। তখন তিনি বলেন-
“আমরা স্বপ্ন দেখছি একটি গণতান্ত্রিক সমাজের, যেখানে সম-অধিকার নিয়ে সবাই বাস করবে। বর্ণবাদের কোনো ভবিষ্যৎ নেই।”
প্রথম গণতান্ত্রিক নির্বাচন ও ঐতিহাসিক জয়-
ম্যান্ডেলার মুক্তির ৯ দিন আগেই এএনসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আর এর চার বছর পর ১৯৯৪ সালের ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচন। তাতে ৬২ শতাংশ ভোট পেয়ে জয়ী হন ম্যান্ডেলা।
তাঁর নেতৃত্বেই গঠিত হয় সত্য ও মিলন কমিশন (Truth and Reconciliation Commission), যার মাধ্যমে অতীতের বর্ণবাদী সরকারের অন্যায়-নৃশংসতার বিচার শুরু হয়। তবে প্রতিশোধ নয়- ক্ষমা, শান্তি আর জাতীয় ঐক্যই ছিল ম্যান্ডেলার মূল দর্শন। তিনি বলেছিলেন-
“ক্ষত সারিয়ে তোলার সময় এসেছে। যেসব খাদ আমাদের বিভক্ত করছে, সেগুলো পূরণের মুহূর্ত এসেছে। এখন আমাদের দেশ গড়ার সময়।”
রাজনীতির বাইরেও অনুপ্রেরণা-
নেলসন ম্যান্ডেলার জীবন ঘিরে তৈরি হয়েছে আত্মজীবনী ও চলচ্চিত্র। তাঁর আত্মজীবনীগ্রন্থ ‘স্বাধীনতার দীর্ঘ পথ’ (Long Walk to Freedom) অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্রে ম্যান্ডেলার ভূমিকায় অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা।
চলচ্চিত্রটির একটি দৃশ্যে দেখা যায়, শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের বিরোধ তুঙ্গে থাকা অবস্থায় এক ভাষণে ম্যান্ডেলা বলেন-
“ওরা ক্ষমতায় থেকে যা যা করেছে, আমরা যদি ক্ষমতা পাওয়ার পর সেটাই করি, তাহলে আমরা কীভাবে ওদের চেয়ে ভালো হলাম? ক্ষমা আর শান্তিই একমাত্র সমাধান।”
এক অনন্য উত্তরাধিকার-
নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা শুধু বর্ণবাদের জাল ছিঁড়েই বেরিয়ে আসেনি বরং বিশ্ববাসীকে শিখিয়েছে- ক্ষমা, সহনশীলতা এবং শান্তির শক্তি কীভাবে একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে। তাঁর দেখানো পথ আজও বিশ্বের বহু গণতান্ত্রিক ও মানবাধিকার আন্দোলনের প্রেরণা হয়ে আছে।

