রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষে প্রবেশের প্রেক্ষাপটে ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (১১ মে) ক্রেমলিনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সংঘাতের মূল কারণ দূর করে দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তি প্রতিষ্ঠাই তার প্রস্তাবের লক্ষ্য।
পুতিন বলেন, “আমরা প্রস্তাব করছি, কোনো শর্ত ছাড়াই ইউক্রেন যেন সরাসরি আলোচনায় ফেরে। আমরা কিয়েভকে আহ্বান জানাচ্ছি- তারা যেন বৃহস্পতিবারই ইস্তাম্বুলে আলোচনা শুরু করে।”
তবে ইউরোপীয় নেতারা যে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, সে বিষয়ে পুতিন কোনো প্রতিক্রিয়া জানাননি।
রুশ প্রেসিডেন্ট জানান, এ আলোচনার বিষয়ে তিনি রোববারই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে কথা বলবেন। আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির পথ খুলে যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পুতিনের দাবি, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য তার প্রস্তাব ইতোমধ্যেই “টেবিলে” রয়েছে, সিদ্ধান্ত নিতে হবে কিয়েভ এবং তাদের পৃষ্ঠপোষকদের- “যারা জনগণের স্বার্থ নয় বরং নিজেদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় চালিত হচ্ছেন।”
শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মস্কোয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তির অনুষ্ঠানে পুতিন আরও বলেন, কিছু ইউরোপীয় দেশ যেভাবে ‘আলটিমেটাম’ দিয়ে যুদ্ধবিরতির দাবি তুলছে, তা তিনি প্রত্যাখ্যান করেন।
এর আগে শনিবার ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা কিয়েভে বৈঠক করে পুতিনকে ১২ মে থেকে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সাড়া না দিলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও দেন তারা।
পুতিনের ভাষ্য অনুযায়ী, মস্কো আগেও একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এর মধ্যে ছিল ইস্টার যুদ্ধবিরতি, জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের বার্ষিকীতে ৮ থেকে ১০ মে পর্যন্ত যুদ্ধবিরতি। যদিও এসব সময়েও মস্কো ও কিয়েভ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।
এদিকে ইউক্রেনের পক্ষ থেকে রোববার অভিযোগ করা হয়েছে, রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে কিয়েভসহ দেশের বিভিন্ন স্থানে। তবে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
মস্কোর প্রস্তাব নিয়ে রয়টার্স ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ ধরনের সরাসরি আলোচনা যুদ্ধবিরতির সম্ভাবনা সৃষ্টি করলেও- বহুপক্ষীয় চাপ ও আস্থাহীনতার কারণে সমাধান এখনো অনিশ্চিত।

