সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যে বন্ধ হয়ে যাওয়া পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার (১২ মে) থেকে পুনরায় চালু হচ্ছে। সেইসঙ্গে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাও শুরু হবে।
রোববার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পাঞ্জাবের উচ্চশিক্ষা বিভাগ। এতে বলা হয়, সব সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু করবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে।
এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটকের প্রাণহানির ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।
ঘটনার জেরে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামের এক সামরিক অভিযান চালায়, যার পাল্টা জবাবে পাকিস্তানও চালায় ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’।
তবে সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিকের দিকে মোড় নেয়। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান উভয়েই অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। এর পরপরই পাকিস্তান তার আকাশসীমা পুনরায় উন্মুক্ত করে।
চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে স্বস্তিদায়ক ও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

