মাত্র সাড়ে তিন দিনের যুদ্ধ। কিন্তু তাতেই কেঁপে উঠেছে উপমহাদেশ। মুখোমুখি হয়েছিল দুই পারমাণবিক শক্তিধর দেশ—ভারত ও পাকিস্তান।
শেষ পর্যন্ত থেমেছে যুদ্ধ। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপে সংঘাত থেকে পিছিয়ে এসেছে দুই দেশ। তবে এর খেসারত দিতে হয়েছে দুই পক্ষকেই।
রয়টার্স ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এক চিত্র। মাত্র ৮৭ ঘণ্টার যুদ্ধেই ভারতের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৩ বিলিয়ন ডলার। সেখানে পাকিস্তানের ক্ষতি ৪ বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতের ক্ষতি হয়েছে পাকিস্তানের চেয়ে প্রায় ২২ গুণ বেশি।
এই যুদ্ধ ছিল সীমিত সময়ের। তবে প্রভাব ছিল বহুমুখী। সামরিক ব্যয়ের পাশাপাশি ভেঙে পড়েছে শেয়ারবাজার, কমেছে বিনিয়োগ, থমকে গেছে আকাশপথ। প্রতি ঘণ্টায় গড়ে ক্ষতি হয়েছে ১ বিলিয়ন ডলার।
ভারত প্রতিদিন চালিয়েছে ১০০টির বেশি যুদ্ধ অভিযান। প্রতিটি মিশনের গড় খরচ ছিল ৮০ হাজার ডলার। ড্রোন ব্যবহারে প্রতিদিন খরচ হয়েছে প্রায় ১০ কোটি ডলার।
‘ব্রাহ্মোস’ ও ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্র ব্যবহারেই ব্যয় বেড়েছে সর্বোচ্চ। সেনা, নৌ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিদিন খরচ হয়েছে ১১ কোটি ডলার।
ভারতের বিমানবাহিনী বলেছে, “ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। এখনই বিস্তারিত বলার সময় নয়।”
পাকিস্তানও থেমে ছিল না। প্রতিদিন আকাশ টহল ও হামলায় খরচ করেছে প্রায় ২.৫ কোটি ডলার। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে গিয়েছে আরও ৪৫ কোটি ডলার।
সীমান্ত নজরদারি ও সামরিক প্রস্তুতিতে ব্যয় হয়েছে দেড় কোটি ডলার।
এই স্বল্প সময়ের সংঘাতে অর্থনীতি পেয়েছে সবচেয়ে বড় আঘাত। ভারতের শেয়ারবাজারে নেমেছে ধস। নিফটি ৫০ ও বিএসই সেনসেক্সে মার্কেট ক্যাপ কমেছে ৮২ বিলিয়ন ডলার।
উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলারের বিমান ক্ষতি হয়েছে। আইপিএল স্থগিত হওয়ায় ক্ষতি হয়েছে ৫০ মিলিয়ন ডলার।
সব মিলিয়ে ভারতের মোট ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ৮৩ বিলিয়ন ডলার।
পাকিস্তানের কেএসই-১০০ সূচক পড়ে গেছে ৪.১ শতাংশ। এতে ক্ষতি হয়েছে প্রায় ২.৫ বিলিয়ন ডলার।
পিএসএল স্থগিত হওয়ায় সম্প্রচার, টিকিট ও স্পনসরিং খাতে ক্ষতি হয়েছে ১০ মিলিয়ন ডলার। বিমান চলাচল বন্ধ থাকায় আরও ২০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
সব মিলিয়ে পাকিস্তানের মোট ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার।
এই স্বল্প মেয়াদী যুদ্ধ যেন এক কঠিন বার্তা দিয়ে গেল। যুদ্ধ শুধু গোলাবারুদের খেলা নয়। তা ভেঙে দেয় অর্থনীতির ভিত, কমিয়ে দেয় বিনিয়োগের গতি, আর স্তব্ধ করে দেয় সাধারণ মানুষের স্বাভাবিক জীবন।

