কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর থেকেই পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত। তবে ইসলামাবাদ শুরু থেকেই জড়িত থাকার কথা অস্বীকার করে। প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করে একের পর এক পদক্ষেপ নেয় দিল্লি। পাল্টা জবাব দেয় ইসলামাবাদও। উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত। দুই দেশের মধ্যে টানা দুই সপ্তাহ ধরে চলে উত্তেজনা। শেষপর্যন্ত তা গড়ায় সংঘাতে।
সীমান্তে শুরু হয় পাল্টাপাল্টি হামলা। পরিস্থিতি প্রায় যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছিল। এমন মুহূর্তে যুক্তরাষ্ট্র এগিয়ে আসে। টানা ৪৮ ঘণ্টার আলোচনার পর শনিবার, ১০ মে, দুই দেশ সম্মত হয় যুদ্ধবিরতিতে।
সোমবার (১২ মে) পাকিস্তানের শীর্ষ দৈনিক দ্য ডন জানায়, যুদ্ধবিরতির ঠিক আগের চারদিন ছিল সবচেয়ে উত্তপ্ত। সীমান্তজুড়ে চলে টানা গোলাগুলি ও হামলা। সেই সময়ের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করে পাকিস্তান সেনাবাহিনী।
সেখানে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, দেশের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে সেনাবাহিনী। তিনি জানান, ৬ ও ৭ মে রাতে ভারতীয় বাহিনীর কাপুরুষোচিত হামলায় প্রাণ হারান নারী, শিশু ও বৃদ্ধসহ অনেক সাধারণ মানুষ।
এই হামলার জবাবে চালানো হয় ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’। পাকিস্তানি বাহিনী হামলা চালায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরসহ মূল ভূখণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। তিনি জানান, পাকিস্তান ২৬টি ভারতীয় সামরিক স্থাপনায় আঘাত হানে। ধ্বংস করে দুটি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা। ভূপাতিত করে ৮৪টি ভারতীয় ড্রোন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, তাতেই এই প্রতিশোধ সম্ভব হয়েছে। জাতির প্রার্থনা, মনোবল ও সংহতি আমাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তি জুগিয়েছে।
আহমেদ শরিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের সার্বভৌমত্বে যদি কেউ আঘাত হানে, তার জবাব হবে কঠিন ও চূড়ান্ত। দেশের সশস্ত্র বাহিনী সবসময় সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের আরও কঠোর জবাব দেওয়া হবে।
পাইলট আটকের গুজব প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের হেফাজতে কোনো ভারতীয় পাইলট নেই। এটি সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি তিনি জানান, যুদ্ধবিরতির জন্য পাকিস্তান নয় বরং ভারতই যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিল।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পাকিস্তান নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রব নওয়াজ। তিনি বলেন, সংখ্যায় বড় শত্রুর মুখোমুখি হয়েও নৌবাহিনী সাহসিকতার সঙ্গে সমুদ্রসীমা রক্ষা করেছে। তাদের প্রস্তুতি সবসময়ই যুদ্ধের উপযোগী।
এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব জানান, ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তান পরিকল্পনা অনুযায়ী জবাব দিয়েছে। নির্ধারিত সময়, স্থান ও কৌশল অনুসরণ করেই সফলভাবে অপারেশন পরিচালনা করেছে তারা।

