ফিলিপাইনে আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। এই ভোট ঘিরে সরাসরি না হলেও একপ্রকার মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ও ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে।
সোমবারের নির্বাচনে ব্যালটে তাঁদের কারও নাম নেই। তবু নিজেদের পছন্দের প্রার্থীদের পক্ষে দুই নেতাই জোরালো প্রচার চালিয়েছেন। ফলে নির্বাচনটি রূপ নিয়েছে এক ধরনের ছায়া যুদ্ধে।
প্রায় ১১ কোটি জনসংখ্যার এই দেশটির ১ হাজার ৮০০–এর বেশি পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচিত হবেন মেয়র, গভর্নর, নিম্নকক্ষের আইনপ্রণেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
এই ভোটে নির্ধারিত হবে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য। পাশাপাশি বোঝা যাবে প্রেসিডেন্ট ফার্দিনান্দের জনপ্রিয়তা ও তাঁর নীতিগত কর্মসূচির ভবিষ্যৎ কতটা স্থিতিশীল।
বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে সিনেট নির্বাচন। ফিলিপাইনের ২৪ সদস্যের সিনেটের ১২টি আসনে এবার ভোট হচ্ছে। এই সিনেট শুধু আইন পাস করে না বরং প্রেসিডেন্টের পরিকল্পনাকে বাধা দেওয়ারও ক্ষমতা রাখে।
রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস আরুগাই মনে করেন, এই নির্বাচন শুধুই প্রতিনিধি নির্বাচনের বিষয় নয়। বরং এটি প্রেসিডেন্ট ফার্দিনান্দের প্রশাসনের প্রতি এক ধরনের গণঅনুমোদন।
তাঁর মতে, এই নির্বাচনের সবচেয়ে বড় লড়াই হচ্ছে সিনেট নিয়ে। ফার্দিনান্দকে যদি নিজের কর্মসূচি এগিয়ে নিতে হয়, তাহলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতেই হবে। সম্ভব হলে তা হতে হবে বড় ব্যবধানে।
অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের ওপর। তাঁর বিরুদ্ধে অভিশংসনের শঙ্কা তৈরি হয়েছে। সেটি শুরু হলে তাঁর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে যেতে পারে।
ফলে এবারের ভোট শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের বিষয় নয় বরং এটি হয়ে উঠেছে ফিলিপাইনের শীর্ষ দুই রাজনৈতিক ব্যক্তিত্বের প্রভাব-প্রতিপত্তির পরীক্ষাক্ষেত্র।

