গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৩৯ ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ৯৪ জন। সোমবারের এই হামলার ঘটনায় গাজায় চলমান সহিংসতায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫২ হাজার ৮৬০ জনে। আলজাজিরা জানিয়েছে, চলতি বছরের ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত ২ হাজার ৭৫০ জন ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আহত হয়েছেন আরো ৯৪ জন, যার ফলে চলমান সংঘাতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জনে। উদ্ধারকর্মীরা জানান, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন এবং অনেকের খোঁজ মিলছে না।
চলমান সংঘাতের পটভূমিতে জানা যায়, প্রায় ১৫ মাস ধরে চলা সশস্ত্র অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। এরপর দুই মাসের মতো শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করলেও মার্চ মাসের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে মতবিরোধকে কেন্দ্র করে ফের বিমান হামলা শুরু করে তেল আবিব।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং উপত্যকার অধিকাংশ অবকাঠামো আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
অভিযোগ রয়েছে, অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ‘গণহত্যার’ মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল। এর আগেই, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

