মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘমেয়াদি সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) আনুষ্ঠানিকভাবে তাদের সংগঠন বিলুপ্তির ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে প্রায় চার দশক ধরে চলা তুরস্ক-পিকেকে সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে। গোষ্ঠীটির ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফিরাত নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
রোববার ইরাকের উত্তরাঞ্চলে আয়োজিত এক সম্মেলনে পিকেকে নিজেদের বিলুপ্তির সিদ্ধান্ত নেয়। সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, গোষ্ঠীর ১২তম কংগ্রেসে তারা তাদের সংগঠন ও সশস্ত্র কাঠামো ভেঙে ফেলার ঘোষণা দেয়। প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পিকেকে মনে করে তাদের ঐতিহাসিক দায়িত্ব পূর্ণ হয়েছে এবং সশস্ত্র লড়াইয়ের প্রয়োজন আর নেই।
বিবৃতিতে বলা হয়, কুর্দিদের অধিকার আদায়ের জন্য পিকেকে যে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে এসেছে, তা তাদের দৃষ্টিতে সফল হয়েছে। এখন সময় এসেছে রাজনৈতিক ও কূটনৈতিক পথে অগ্রসর হওয়ার। এই ঘোষণার অংশ হিসেবে সশস্ত্র কার্যক্রম আজ থেকেই আনুষ্ঠানিকভাবে সমাপ্ত বলে জানায় সংগঠনটি।
সম্মেলনে কারাবন্দি নেতা আবদুল্লাহ ওজালানের একটি লিখিত বিবৃতিও পাঠ করা হয়, যেখানে তিনি পিকেকে’র ভবিষ্যৎ পথনির্দেশনা এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ার আহ্বান জানান।
তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির একজন মুখপাত্র পিকেকে’র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “যদি সত্যিকার অর্থে এই বিলুপ্তি কার্যকর হয় এবং পিকেকে তাদের সব সশস্ত্র শাখা ও অবকাঠামো গুটিয়ে নেয়, তাহলে এটি তুরস্কের রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন হবে।”
বিশ্লেষকদের মতে, এ ঘোষণা দীর্ঘদিন ধরে চলা তুরস্ক-পিকেকে সংঘাতের ইতি টানার পথ তৈরি করেছে। এই সংঘাত শুধু তুরস্কেই নয়, ছড়িয়ে পড়েছিল সিরিয়া ও ইরাকেও।
উল্লেখ্য ১৯৮৪ সালে কুর্দিদের জন্য পৃথক ভূখণ্ড প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র লড়াই শুরু করে পিকেকে। এই সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি সেনাবাহিনীর অভিযানের মুখে পিকেকে দুর্বল হয়ে পড়ে এবং ইরাক সীমান্তে সরে যেতে বাধ্য হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে কারাগার থেকে পাঠানো এক চিঠিতে ওজালান গোষ্ঠীটির প্রতি অস্ত্র পরিত্যাগের আহ্বান জানান, যার ফলাফলই হতে পারে এই বিলুপ্তির ঘোষণা।

