প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের ঠিক আগমুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে বড় ধরনের সামরিক চুক্তি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তির আওতায় হেলিকপ্টার ও যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ করা হবে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
মঙ্গলবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ব্যুরো জানিয়েছে- চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত ছয়টি সিএইচ-৪৭এফ ‘চিনুক’ হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পাবে, যার মূল্য প্রায় ১.৩২ বিলিয়ন ডলার।
এছাড়াও আলাদা এক চুক্তিতে এফ-১৬ যুদ্ধবিমানের জন্য ১৩০ মিলিয়ন ডলারের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মতে, এই সরঞ্জামগুলো ইউএই-এর সার্বভৌমত্ব, জাতীয় প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।
পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই সামরিক সরঞ্জাম ব্যবহার হবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে। যুক্তরাষ্ট্র ইউএই-কে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে কূটনৈতিক আলোচনার পাশাপাশি প্রতিরক্ষা, জ্বালানি, বিমান এবং প্রযুক্তিখাতে বড় ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, এই অস্ত্রচুক্তিগুলো চূড়ান্ত হতে এখনো মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। কংগ্রেসের হাতে রয়েছে ৩০ দিনের সময়সীমা, যার মধ্যে তারা চাইলে এই চুক্তিগুলো বাতিল করতে পারবে।

