যুদ্ধবিরতির পর এক দিন না যেতেই ভারতের সীমান্তবর্তী আটটি বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির দুই বৃহৎ বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। মঙ্গলবার (১৩ মে) সকালে সংস্থা দুটি এক বিবৃতিতে জানায়, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
এর আগে সোমবার সীমান্ত সংলগ্ন ৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হয়েছিল। তবে পরদিনই জম্মু, লেহ, অমৃতসর, চণ্ডীগড়, যোধপুর, জামনগর ও রাজকোটে এয়ার ইন্ডিয়ার কোনো উড়োজাহাজ ওঠানামা করবে না বলে জানানো হয়। একই সিদ্ধান্ত জানায় ইন্ডিগো, যারা শ্রীনগর, জম্মু, লেহ, অমৃতসর, চণ্ডীগড় ও রাজকোটে ফ্লাইট স্থগিত করেছে।

জানা গেছে, কাশ্মীরের পেহেলগামে হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালু করার পর ১৫ মে পর্যন্ত সীমান্তবর্তী ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কিন্তু হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণার পর সোমবার সেগুলো খুলে দেওয়া হয়।
তবে যুদ্ধবিরতির মাঝেও কিছু সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের দিক থেকে ড্রোন প্রবেশের খবর পাওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দেয়। গোয়েন্দা সূত্রে ধারণা, পাকিস্তানের কিছু মহল যুদ্ধবিরতির সিদ্ধান্তে অসন্তুষ্ট এবং তারা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। এ প্রেক্ষিতে যাত্রী নিরাপত্তার স্বার্থে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় বিমানসংস্থাগুলো।
এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট চালুর বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি।

