দক্ষিণ এশিয়ার গর্ব হিমালয় যেন দিন দিন চোখের আড়ালে চলে যাচ্ছে। বসন্ত কিংবা শরতের স্বচ্ছ আকাশেও এখন আর দেখা যায় না তুষার মোড়া সেই গম্ভীর শৃঙ্গগুলো। সব সময় আকাশ ঢেকে থাকে ধোঁয়াশার চাদরে। জলবায়ু পরিবর্তন ও ভয়াবহ বায়ু দূষণের কারণে হিমালয় যেন ক্রমেই হয়ে উঠছে এক ‘অদৃশ্য’ পর্বতমালা।
সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের পরিবেশ প্রতিনিধি নাভিন সিং খাড়কা এক সফরে নেপালে ফিরে হতাশ হয়েছেন হিমালয়ের সেই পুরোনো দৃশ্য না দেখে। কাঠমান্ডু বিমানবন্দরে নামার সময় ঘন ধোঁয়াশার কারণে তার ফ্লাইটটিকে প্রায় বিশবার আকাশে চক্কর দিতে হয়। এমনকি নাগরকোটের মতো দর্শনীয় স্থান থেকেও তিনি দেখতে পাননি হিমালয়ের কোন চিহ্ন- শুধুই ধূসরতা।
বিশেষজ্ঞরা বলছেন, এই অদৃশ্যতার কারণ একটিই- দূষণ। নির্মাণকাজ, যানবাহন ও শিল্পপ্রতিষ্ঠানের ধোঁয়া, খোলা আকাশে বর্জ্য পোড়ানো এবং কৃষিজ অবশিষ্ট পোড়ানো মিলে তৈরি হচ্ছে একটি ঘন বায়বীয় স্তর, যা দৃষ্টিসীমা ৫ হাজার মিটারের নিচে নামিয়ে ফেলেছে। এর সঙ্গে দীর্ঘ শুষ্ক মৌসুম মিলিয়ে দূষণ আরও দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে।
নেপালের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ সালে পোখারা বিমানবন্দরে ঝাপসা দিন ছিল মাত্র ২৩টি। ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮-তে। শুধু নেপাল নয়, ভারতের উত্তরাখণ্ড ও পাকিস্তানের গিলগিটেও দেখা যাচ্ছে একই চিত্র। একসময় যেখানে চোখে পড়ত পাহাড়ের সারি- এখন সেখানে কেবল ধূলিময় দিগন্ত।
এর প্রভাব পড়ছে পর্যটন খাতে। হিমালয়ের চূড়া না দেখতে পেয়ে বহু পর্যটক হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। নেপালের প্রথম দিকের নারী ট্রেকিং গাইড লাকি ছেত্রী জানান, “শৃঙ্গ না দেখতে পাওয়ার কারণে ব্যবসা প্রায় ৪০% কমেছে। এমনকি এক পর্যটক গ্রুপকে ক্ষতিপূরণও দিতে হয়েছে।”
নাগরকোটের হোটেল ব্যবসায়ী যোগেন্দ্র শাক্য বলেন, “আগে সূর্যোদয়, সূর্যাস্ত আর হিমালয়ের ভিউ ছিল আমাদের মূল আকর্ষণ। এখন সেই জায়গায় ইতিহাস আর সংস্কৃতিকে সামনে আনতে হচ্ছে।”
পাকিস্তানের পরিবেশ সংরক্ষণ সংস্থার সাবেক প্রধান আসিফ শুজাও মন্তব্য করেছেন, “একটা ধোঁয়াশার চাদর যেন দীর্ঘ সময় ধরে আকাশে ঝুলে থাকে।” দক্ষিণ এশিয়ার শহরগুলো এমনিতেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় নিয়মিত স্থান পায়। এর সঙ্গে যুক্ত হয়েছে বনাঞ্চলে লাগা দাবানল- যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এই অবস্থায় স্থানীয়রা যেমন অসহায়, তেমনি পর্যটকেরাও হতাশ। লাকি ছেত্রী বলেন, “মাঝেমধ্যে মনে হয় যেন আমরা অপরাধবোধ নিয়ে কাজ করছি। কারণ, যে সৌন্দর্যের প্রতিশ্রুতি দিয়ে পর্যটকদের আনি, এখন তা দেখানোর মতো কিছুই নেই। আর এই ধোঁয়াশার বিরুদ্ধে আমাদের কিছুই করার নেই।”
হিমালয়ের শোভা এখন আর বাস্তবে নয় বরং থেকে যাচ্ছে শুধু ছবিতে- আক্ষেপের এক প্রতীক হয়ে।

