ভারতের চালানো সামরিক হামলায় পাকিস্তানে ৫১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। নিহতদের মধ্যে ১১ জন পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সদস্য। সোমবার (১২ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। সূত্র: জিও নিউজ
আইএসপিআর জানায়, ৬ ও ৭ মে রাতে ভারতীয় সেনাবাহিনী ‘উসকানিমূলক ও কাপুরুষোচিত’ হামলা চালায়। এ হামলার মূল লক্ষ্য ছিল বেসামরিক নাগরিক- যার মধ্যে নারী, শিশু ও বয়স্করাও রয়েছে। এতে ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান। নিহতদের মধ্যে সাতজন নারী ও ১৫ জন শিশু রয়েছে।
এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ১২১ জন। আহতদের মধ্যে ১০ জন নারী এবং ২৭ জন শিশু রয়েছেন বলে জানায় পাকিস্তানের সেনাবাহিনী। বিবৃতিতে আরও বলা হয়, দেশরক্ষায় প্রাণ দিয়েছেন ১১ জন সেনাসদস্য, আহত হয়েছেন আরও ৭৮ জন।
সামরিক এই উত্তেজনার মধ্যেই সোমবার সন্ধ্যা ৫টায় ভারত-পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও বৈঠকটি হওয়ার কথা ছিল দুপুর ১২টায়, তবে নির্ধারিত সময়ে না হওয়ায় শুরুতে সংশয় দেখা দিলেও পরে তা অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশই আবারও যুদ্ধবিরতি মেনে চলার অঙ্গীকার করে। একইসঙ্গে একে অপরের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ না নেওয়ার ব্যাপারেও একমত হয়।
দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বৈঠকে সীমান্ত ও সীমান্তবর্তী অঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়া এবং উত্তেজনা কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে বৈঠকে ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের পক্ষ থেকে ডিজিএমও কাশিফ আব্দুল্লাহ অংশ নেন।
দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই উচ্চপর্যায়ের সেনা বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মহলও এ বিষয়ে গভীর নজর রাখছে।

