ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর জেলায় বিষাক্ত মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় আরও ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) এনডিটিভি জানিয়েছে, পিটিআই-এর বরাতে জানা গেছে, অমৃতসরের পাঁচটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, ভাংগালি, পাতালপুরি, মারারি কালাঁ, থেরেওয়াল এবং তালওয়ান্দি ঘুমান গ্রামগুলোতে এই বিষাক্ত মদ পান করেন নিহত ও অসুস্থ ব্যক্তিরা।
অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সহানি জানান, মৃতের সংখ্যা বেড়ে ১৪-তে দাঁড়িয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে অমৃতসরের পুলিশ সুপার মানিন্দর সিং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রধান অভিযুক্ত প্রভজিত সিং এবং সহযোগী কুলবীর সিং, সাহিব সিং, গুরজন্ত সিং ও নিন্দর কৌর। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় প্রশাসন বলছে, ভেজাল মদ তৈরির সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করতে অভিযান জোরদার করা হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রশাসন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে।

