মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) রিয়াদে পৌঁছানোর পর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিজেই বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানান- যা দেশটির কূটনৈতিক প্রটোকলে একটি ব্যতিক্রমী ঘটনা বলে মনে করা হচ্ছে।
সাধারণত সৌদিতে আগত বিদেশি অতিথিদের বরণ করে নেন প্রাদেশিক গভর্নর বা নিম্নপদস্থ কর্মকর্তারা। কিন্তু ট্রাম্পের সফর উপলক্ষে সৌদি কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মার্কিন বার্তাসংস্থা এপি সূত্রে জানা যায়, ট্রাম্পের বিমান সৌদির আকাশসীমায় প্রবেশের পরপরই দেশটির বিমানবাহিনীর এফ-১৫ যুদ্ধবিমান তার উড়োজাহাজকে এস্কর্ট করে রিয়াদ বিমানবন্দরে নিয়ে আসে।
বিমান থেকে নেমেই ট্রাম্প ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান প্রিন্স সালমান। তাদের রিয়াদ বিমানবন্দরের গ্র্যান্ড হলে নিয়ে যাওয়া হয়, যেখানে অতিথিদের আরব ঐতিহ্য অনুযায়ী পরিবেশন করা হয় কফি।
বিশ্লেষকরা মনে করছেন, এই অভ্যর্থনার ধরনই ইঙ্গিত দেয় যে, সৌদি যুবরাজ ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আগ্রহ রাখেন।
এর পূর্বে ২০১৬ সালে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্পের সঙ্গে সৌদি নেতৃত্বের উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তার পূর্বসূরি বারাক ওবামাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বাদশাহ সালমান। তবে ওবামার সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতির কারণে রিয়াদ-ওয়াশিংটন সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দেয়।
উল্লেখ্য, ২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি সফরে গেলেও বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিলেন কেবল প্রাদেশিক গভর্নর। বাইডেন পরে প্রিন্স সালমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কেবল মুষ্টিবদ্ধ শুভেচ্ছা বিনিময় করেন। এই সফর ঘিরে তখন ব্যাপক বিতর্কও সৃষ্টি হয়েছিল, বিশেষ করে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও সাংবাদিক জামাল খাশোগি হত্যার প্রেক্ষাপটে বাইডেনের আগের কঠোর অবস্থানের কারণে।

