মিয়ানমারে চলমান মানবিক যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। সাগাইং অঞ্চলের একটি গ্রামে স্কুল লক্ষ্য করে চালানো ওই হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জনই শিশু এবং বাকি দুজন শিক্ষক।
সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে সাগাইংয়ের ওয়ে থেইন কুইন গ্রামে এই হামলা চালানো হয়। গ্রামটি গত ২৮ মার্চের ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।
স্কুলের এক শিক্ষক জানান, “বিমানটি দ্রুতগতিতে এসে বোমা ফেলেছিল। আমরা শিশুদের ছড়িয়ে দিতে চাইলেও সময় পাইনি।” নিহতদের সবাই স্কুলের ভেতরেই অবস্থান করছিলেন।
স্থানীয় শিক্ষা বিভাগের এক কর্মকর্তাও ২২ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে জান্তা সরকারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৮ মার্চ মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩,৮০০ মানুষের মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে সামরিক জান্তা মে মাসজুড়ে যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যাতে পুনর্বাসন কার্যক্রম নির্বিঘ্নে চালানো যায়।
কিন্তু সেই যুদ্ধবিরতির মাঝেই সাগাইং, কারেন ও চিন প্রদেশসহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর অভিযানে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমার গৃহযুদ্ধের মুখে পড়ে। জান্তা বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতান্ত্রিক প্রতিরোধ যোদ্ধারা সক্রিয় হয়ে ওঠে। সাম্প্রতিক সময়েও প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এসেছে।
এমন পরিস্থিতিতে শিশুদের ওপর এই বর্বর হামলা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ও উদ্বেগের জন্ম দিয়েছে।

