যুক্তরাজ্যে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন নতুন সরকার। এবার নাগরিকত্ব পেতে সময় বেড়ে দাঁড়িয়েছে ১০ বছর। আগের নিয়মে যা ছিল মাত্র ৫ বছর।
সোমবার ‘ইমিগ্রেশন হোয়াইট পেপার’ নামে নতুন অভিবাসন নীতিমালা ঘোষণা করেছে সরকার। এতে নাগরিকত্ব, ভাষাগত দক্ষতা, শ্রমিক নিয়োগসহ একাধিক ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে।
প্রধানমন্ত্রী স্টারমার বলেন, যুক্তরাজ্যের সীমান্ত ফের দেশের নিয়ন্ত্রণে আনতে চান তিনি। তার ভাষায়, আগের কনজারভেটিভ সরকারের সময় গবেষণার সুযোগ দিয়ে সীমান্ত অনেকটাই উন্মুক্ত রাখা হয়েছিল। এর ফলেই নিট মাইগ্রেশন গিয়ে দাঁড়ায় প্রায় ১০ লাখে।
নতুন নীতিমালায় বলা হয়েছে, যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকতে চাইলে এখন কমপক্ষে ১০ বছর বসবাস করতে হবে। ভাষাগত দক্ষতার ক্ষেত্রেও কঠোরতা এসেছে। প্রাপ্তবয়স্ক নির্ভরশীল অভিবাসীদেরও ইংরেজিতে দক্ষতার প্রমাণ দিতে হবে।
শিক্ষার্থীদের ক্ষেত্রেও কড়াকড়ির ইঙ্গিত মিলেছে। পড়াশোনা শেষে যুক্তরাজ্যে থাকার সময়সীমা কমানো হতে পারে বলে নীতিমালায় বলা হয়েছে।
অপরাধের সঙ্গে জড়িত অভিবাসীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য নতুন ক্ষমতা পেয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, “এই প্রক্রিয়াটি এতদিন খুব দুর্বল ছিল। এখন আরও শক্ত পদ্ধতির দরকার।”
তিনি জানান, যুক্তরাজ্যে কাজ করতে হলে বিদেশি কর্মীদের অন্তত বিশ্ববিদ্যালয় ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, চলতি বছর কম দক্ষ শ্রমিকের সংখ্যা কমিয়ে ৫০ হাজারে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
তবে এই কঠোর নীতি নিয়ে কিছু ব্যবসায়ী উদ্বেগ জানিয়েছেন। তাদের আশঙ্কা, এতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
কিন্তু প্রধানমন্ত্রী স্টারমার এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “বেশি অভিবাসী মানেই অর্থনৈতিক প্রবৃদ্ধি—এমন ধারণার কোনও প্রমাণ নেই।”
ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের তিনি স্পষ্ট করে বলেন, “এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো অভিবাসন কমিয়ে আনা। আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রয়োজন হলে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হবে।”
লেবার পার্টি নির্বাচনের সময় অভিবাসন কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল, এই হোয়াইট পেপার সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ।

