মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়তেই থাকছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হুমকি উচ্চারণ করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। সূত্র: ইয়ানি শাফাক
মঙ্গলবার (১৩ মে) এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমরা যদি একসঙ্গে ৬০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ি, আমাদের শত্রুরা তা সহ্য করতে পারবে কি? তাঁর মতে, ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং দৃঢ় অবস্থানে রয়েছে।
সালামি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজারবাইজানে যাওয়ার সাহস পাচ্ছেন না, যা বর্তমান পরিস্থিতিতে শত্রুদের দুর্বলতার প্রতীক।
বর্তমান সংঘাতকে শুধুমাত্র সামরিক নয় বরং একে মিডিয়া, সংস্কৃতি ও মতাদর্শের যুদ্ধ বলেও অভিহিত করেন তিনি। গাজায় চলমান লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিও পরাস্ত করা সম্ভব।
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তিনি দাবি করেন, ওয়াশিংটনের বিমানবাহী রণতরীগুলো ইচ্ছাকৃতভাবে সরাসরি সংঘাতে না জড়িয়ে একতরফা যুদ্ধবিরতির পথ নিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হটার ইঙ্গিত।
ভাষণে সালামি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্বলতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, তাদের বিমানবাহিনীর সক্ষমতা কমছে, দুর্ঘটনার হার বাড়ছে। এটা প্রমাণ করে, তারা ভেতর থেকে চাপে রয়েছে।

