বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হিসেবে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা আর নেই। বুধবার (১৪ মে) স্থানীয় সময় তিনি ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিবিসি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
‘গরিব প্রেসিডেন্ট’ বলতে মূলত- অর্থসম্পদ থাকা সত্ত্বেও বিলাসিতা না করে অত্যন্ত সরল, সাদামাটা, আত্মত্যাগী জীবনযাপন। তাই এটি তার জন্য সম্মানসূচক উপাধি, যা তাঁর নম্রতা, আত্মসংযম ও মানবিকতাকে তুলে ধরে।
২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মুজিকা। সাধারণ জীবনযাপন, ভোগবাদবিরোধী মনোভাব ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য বিশ্বব্যাপী তিনি ‘পিপলস প্রেসিডেন্ট’ হিসেবে পরিচিত ছিলেন।
উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি মুজিকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “আপনি আমাদের যা কিছু দিয়েছেন এবং জনগণের জন্য যা করেছেন- তার জন্য কৃতজ্ঞতা।”
বিবিসি অনুসারে জানা যায়, মুজিকার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও তিনি খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
গেরিলা থেকে রাষ্ট্রনায়ক-
তরুণ বয়সে মুজিকা উরুগুয়ের ন্যাশনাল পার্টির সদস্য ছিলেন। পরবর্তী সময়ে তিনি ১৯৬০-এর দশকে গঠন করেন ‘টুপামারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট’- যা শহুরে গেরিলা দল হিসেবে সশস্ত্র প্রতিরোধে সক্রিয় ছিল। দলটি কিউবার বিপ্লব ও সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত হয়ে অপহরণ, লুট ও দণ্ড কার্যকর করত। যদিও মুজিকা দাবি করেছিলেন, তিনি কখনো কাউকে হত্যা করেননি।
মুজিকার জীবন ছিল নাটকীয়তার এক উদাহরণ। ১৯৭০ সালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কাছ থেকে ফিরে আসেন। চারবার গ্রেপ্তার হন, দু’বার পালান কারাগার থেকে। একবার ১০৫ জন সহযোদ্ধাসহ টানেল খুঁড়ে পালানোর ঘটনা ছিল উরুগুয়ের ইতিহাসে অন্যতম বড় জেল পালানোর কাহিনি।
১৯৭৩ সালে সামরিক অভ্যুত্থানের পর তাঁকে ‘নয় জিম্মির’ একজন হিসেবে প্রায় ১৪ বছর বন্দি রাখা হয়। ওই সময়ের বেশিরভাগটা কাটে একাকিত্ব ও নির্যাতনের মধ্যে। ১৯৮৫ সালে গণতন্ত্র ফিরে এলে মুক্তি পান তিনি।
সাধারণ জীবন, অসাধারণ দৃষ্টিভঙ্গি-
ক্ষমতায় থেকেও হোসে মুজিকা বেছে নিয়েছিলেন সাদাসিধে জীবন। প্রেসিডেন্ট হওয়ার পরও তিনি থাকতেন নিজ বাড়িতে, ব্যবহার করতেন একটি পুরনো ভক্সওয়াগন গাড়ি। তাঁর প্রেসিডেন্ট বেতন দান করতেন দরিদ্রদের সহায়তায়।
একবার তিনি বলেছিলেন, “রাজনীতি আমার জন্য শুধু ক্ষমতা নয় বরং বই পড়া আর জমিতে কাজ করাই আমার আনন্দ।” এমন দৃষ্টিভঙ্গি তাঁকে লাতিন আমেরিকার গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে মানবিক রাজনীতির প্রতীক করে তোলে।
মন্টেভিডিওর এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া হোসে মুজিকার মৃত্যুতে শুধু উরুগুয়েই নয়, মানবিক রাজনীতিতে বিশ্বাসীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

