‘অপারেশন সিঁদুর’-এ নেতৃত্ব দেওয়া ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে ধর্মীয় পরিচয় টেনে কটাক্ষ করে সমালোচনার মুখে পড়েছেন বিজেপিশাসিত মধ্যপ্রদেশ রাজ্যের আদিবাসী কল্যাণমন্ত্রী বিজয় শাহ। বিরোধী রাজনৈতিক দলগুলো তার পদত্যাগ দাবি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে দেখা যায়, সম্প্রতি একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে বিজয় শাহ বলেন, “যারা হিন্দুদের হত্যা করেছে এবং আমাদের মেয়েদের সিঁদুর মুছে দিয়ে বিধবা করেছে, তাদের জাতেরই এক বোনকে প্রতিশোধ নিতে পাঠিয়েছি।” এরপর তিনি প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা করে হাততালি দিতে বলেন উপস্থিত জনতাকে।
বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুরু হয় ব্যাপক সমালোচনা। কর্নেল সোফিয়ার ধর্ম টেনে কটাক্ষ করায় বিজয় শাহকে সেনাবাহিনী এবং নারীর প্রতি অবমাননাকর আচরণ করার অভিযোগ এনে তীব্র নিন্দা জানায় বিরোধীরা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এক্সে দেওয়া বার্তায় বলেন, “বিজয় শাহ ভারতের সেনাবাহিনী এবং নারীদের অসম্মান করেছেন। তার অবিলম্বে পদত্যাগ করা উচিত।”
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেল এক বিবৃতিতে জানায়, “সীমান্তে যখন সেনারা দেশের জন্য প্রাণ দিচ্ছেন, তখন কর্নেল সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ বলছেন মধ্যপ্রদেশের এক মন্ত্রী। এটি সেনাবাহিনীর প্রতি সরাসরি অপমান এবং বিজেপির প্রকৃত চেহারা তুলে ধরে।”
প্রচণ্ড চাপের মুখে পড়ে মঙ্গলবার রাতেই নিজের অবস্থান থেকে সরে আসেন বিজয় শাহ। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “আমাদের বোন সোফিয়া ধর্ম ও জাতির ঊর্ধ্বে উঠে দেশের জন্য লড়েছেন। আমি তাকে নিজের বোনের চেয়েও বেশি সম্মান করি। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দশবার ক্ষমা চাইতেও প্রস্তুত।”
তবে এই ক্ষমা প্রক্রিয়া বিরোধীদের ক্ষোভ প্রশমনে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও উত্তপ্ত হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

