কাশ্মীর সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধবিমান ধ্বংস, প্রাণহানি এবং পাল্টাপাল্টি অভিযানের উত্তাল এক সপ্তাহের পর যুদ্ধবিরতির ঘোষণা এসেছে ভারত-পাকিস্তানের পক্ষ থেকে। কিন্তু এই ঘোষণা যতটা স্বস্তির, তার চেয়ে ঢের বেশি সংশয়ের। কারণ, যুদ্ধ থামলেও থামেনি ‘বয়ানের যুদ্ধ’। দুই দেশই অস্ত্র নামিয়ে মুখোমুখি এখন কূটনৈতিক কণ্ঠে।
গত ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের হত্যাকাণ্ডের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তান সম্পর্ক। ভারত সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলে ইসলামাবাদ তা নাকচ করে। এরপরই শুরু হয় পাল্টা হামলা- ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তানের ‘বুনইয়ান-উন-মারসুস’।

এই উত্তেজনার মাঝে সীমান্তে মৃত্যুবরণ করে দুই দেশের সেনারা। ভারত দাবি করেছে, তারা পাকিস্তানের ৪০ সেনা ও ১০০ সন্ত্রাসীকে হত্যা করেছে এবং কয়েকটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। পাকিস্তান পাল্টা দাবি করেছে, ভারতের অন্তত তিনটি যুদ্ধবিমান ধ্বংস করেছে, যার একটি বিলিয়ন ডলারের রাফাল। বিশ্লেষকেরা ধ্বংসাবশেষ ঘেঁটে পাকিস্তানের দাবির সত্যতাও পেয়েছেন। যদিও ভারত বলছে, তাদের সব পাইলট নিরাপদে ফিরে এসেছেন।
উভয় দেশের আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্টের ‘সত্য বচনে’ যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়লেও- এর পরপরই সীমান্তজুড়ে sporadic গোলাগুলির খবর আসে। রাজস্থান, গুজরাট এমনকি কাশ্মীরের শ্রীনগর, জম্মু, অনন্তনাগে ড্রোন ও গুলির ঘটনা ঘটে। ফলাফল- আবারও অন্ধকারে ডুবে যায় সীমান্তবর্তী গ্রামগুলো।

যদিও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভারতের সেনাবাহিনী দাবি করে, “সীমান্তে কোনো গোলাগুলি হয়নি”- তবে বাস্তবতা ভিন্ন। দুই দেশই যুদ্ধবিরতিকে নিজেদের ‘বিজয়’ হিসেবে প্রচার করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একে ‘ঐতিহাসিক জয়’ আখ্যা দিয়ে ১১ মে-কে ‘সশস্ত্র বাহিনীর স্বীকৃতি দিবস’ ঘোষণা করেছেন। অপরদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ভারতীয় সেনার গর্জন পৌঁছে গেছে রাওয়ালপিন্ডি পর্যন্ত।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, “সন্ত্রাস ও আলোচনা, সন্ত্রাস ও বাণিজ্য, পানি ও রক্ত- একসঙ্গে চলতে পারে না। ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না।”
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভুগছে সাধারণ কাশ্মীরিরা। নিয়ন্ত্রণরেখার দুই পাশে আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে তারা পার করেছে একের পর এক অস্থির রাত।

বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যেও প্রশ্ন থেকে যাচ্ছে- এই যুদ্ধবিরতি কি কেবল এক সাময়িক বিরতি, নাকি আসলেই শত্রুতার শেষ? বিশ্লেষকদের মতে, এবার হয়তো ‘বুলেটের’ চেয়ে ‘বয়ান’-এর যুদ্ধই বড় হতে চলেছে। কারণ, উভয় দেশই এখন নিজেদের বক্তব্য বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে মরিয়া।
গার্ডিয়ান-এর নিরাপত্তা বিশ্লেষক জেসন বার্ক তার মন্তব্যে স্মরণ করেছেন ১৯৯৯ সালের কারগিল যুদ্ধকে- যেখানে যুদ্ধের পেছনের কারণ ছিল কাশ্মীর। দুই দশক পেরিয়ে গেলেও আঞ্চলিক রাজনীতির রূপ বদলালেও কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের শত্রুতা যেন অপরিবর্তিতই রয়ে গেছে।
যুদ্ধ থামাতে যুদ্ধবিরতি নয়- প্রয়োজন স্থায়ী সমাধান। তা না হলে কাশ্মীরের মানুষ শুধু গোলাগুলির না, বয়ানের যুদ্ধের ভেতর দিয়েই যেতে থাকবে অন্ধকার ভবিষ্যতের দিকে।

