যুদ্ধবিরতি চললেও থেমে নেই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক উত্তেজনা। এবার কূটনৈতিক টানাপড়েন আরও তীব্র করে একে অপরের হাইকমিশনের একজন কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ (Persona Non Grata) ঘোষণা করেছে দুই দেশ। উভয় পক্ষই সংশ্লিষ্ট কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।
বুধবার (১৪ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাইকমিশনের এক কর্মকর্তাকে “তার মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ”-এর অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এর আগে ভারতীয় চার্জ দ্য’অ্যাফেয়ার্সকে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়।
এর পাল্টা জবাবে ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে একই অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করে এবং ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয়। যদিও কোনো পক্ষই সংশ্লিষ্ট অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন আরও বাড়বে। সাম্প্রতিক সময়ে সীমান্তে সংঘাত না থাকলেও কাশ্মীর ইস্যু, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত।

