তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনায় উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে শেষ পর্যন্ত আলোচনায় অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিবিসির খবরে বলা হয়েছে, আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে উপস্থিত থাকবেন প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি ও উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক সহায়ক ইউরি উশাকভও আলোচনায় অংশ নিচ্ছেন না।
প্রথমদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বৈঠকে উপস্থিত থাকার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তিনিও শেষমেশ সিদ্ধান্ত পরিবর্তন করে আলোচনায় যোগ দিচ্ছেন না।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আগেই বলেছিলেন, “শান্তি আলোচনা কেবল তখনই ফলপ্রসূ হবে, যদি পুতিন নিজে উপস্থিত থাকেন।” তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আংকারায় সাক্ষাৎ করার কথা রয়েছে জেলেনস্কির। তিনি আরও বলেন, “আমি ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত, তবে পুতিনকেও থাকতে হবে।”
তবে শেষ পর্যন্ত আলোচনায় অংশ নিচ্ছেন না পুতিন বা ট্রাম্প—ফলে আলোচনার গুরুত্ব ও ফলাফল নিয়ে প্রশ্ন উঠছে।

