মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে প্রত্যাখ্যান করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান ভয় দেখিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাবে না। বরং সম্মানজনক শান্তিপূর্ণ আলোচনায় আগ্রহী তেহরান।
বুধবার (১৪ মে) ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, “ট্রাম্প ভাবছেন এখানে এসে স্লোগান দিলে আমরা ভয় পাব? আমরা কোনো হুমকির কাছে মাথানত করবো না। শুয়ে মরে যাওয়ার থেকে বীর হয়ে শহিদ হওয়া আমাদের কাছে বেশি গর্বের।”
পেজেশকিয়ানের এই বক্তব্য এসেছে রিয়াদে অনুষ্ঠিত জিসিসি সম্মেলনে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায়। সেখানে ট্রাম্প বলেন, “আমি ইরানের সঙ্গে একটি চুক্তি চাই। তবে ইরানকে সন্ত্রাসে সহায়তা, প্রক্সি যুদ্ধ এবং পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হবে। তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জবাবে পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, “আমরা আলোচনায় আগ্রহী, তবে সেটা হবে পারস্পরিক সম্মান বজায় রেখে, কোনো চাপের মুখে নয়।”
এদিকে, একই দিন যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ছয় ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে দুই দেশের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আবারও বাড়ছে।
উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে সরে গেলে দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে। বর্তমানে ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সীমিত আলোচনা চলছে, তবে কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি।

