ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অবন্তিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মে) ট্রাল এলাকার নাদেরে শুরু হওয়া সংঘর্ষ এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কাশ্মীর পুলিশের এক্স হ্যান্ডলে দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল দক্ষিণ কাশ্মীরের ট্রাল এলাকায় সশস্ত্র অভিযান চালাচ্ছে। গেল ৪৮ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় বন্দুকযুদ্ধ। এর আগে মঙ্গলবার (১৪ মে) শোপিয়ানে সংঘর্ষে তিন চরমপন্থি নিহত হয়।
এনডিটিভির প্রতিবেদনে দেখা যায়, চলমান সংঘর্ষের আগে গোলাগুলির সূত্রপাত হয় কুলগাম জেলায়, যা পরে ছড়িয়ে পড়ে শোপিয়ানের শোয়েকাল কেলার বনাঞ্চলে। ভারতীয় সেনাবাহিনীর রাইফেলস ইউনিটের গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়ার পর ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ অভিযানের সময় চরমপন্থিরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করলে পাল্টা জবাবে তিনজন নিহত হয়। তবে অভিযান এখনো শেষ হয়নি।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই জম্মু-কাশ্মীরজুড়ে অভিযান জোরদার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এর প্রতিক্রিয়ায় ৭ মে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে নয়টি কথিত ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। এরপর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছায়।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ অস্ত্রবিরতিতে সম্মত হলেও- সমঝোতা কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে।
সাম্প্রতিক পরিস্থিতি বিশেষ করে কাশ্মীর উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, অস্ত্রবিরতির পরও সংঘর্ষের এই ধারা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

