রাশিয়ার সাইবেরিয়ার বুরইয়াশিয়া প্রদেশের পূর্বাঞ্চলীয় জেলা জাবায়কালস্কি ক্রাই-তে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৬ লাখ ২৯ হাজার হেক্টরেরও বেশি বনভূমি। এখনও ২২টি স্থানে আগুন জ্বলছে বলে জানিয়েছে দেশটির জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়।
গত এপ্রিলের শেষদিকে শুরু হওয়া এই দাবানল নিয়ন্ত্রণে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা দিনরাত কাজ করলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। দাবানলের তীব্রতা বাড়ায় প্রাদেশিক প্রশাসন রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছে এবং বনাঞ্চলে প্রবেশ ও কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।
রাশিয়ার কেন্দ্রীয় বনবিভাগ জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে দাবানলে পুড়েছে প্রায় ১৪ লাখ হেক্টর বনভূমি। এই পরিমাণ ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্র ও কানাডার সম্মিলিত ক্ষতির তিনগুণ।
ইউরোপের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস জানিয়েছে, দাবানল জাবায়কালস্কি জেলায় শত শত মাইলজুড়ে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় শুধু জাবায়কালস্কিতেই মোতায়েন করা হয়েছে অন্তত ৫৩০ জন দমকলকর্মী।
বুরইয়াশিয়া প্রদেশের প্রশাসন জানায়, চলতি বছর মার্চ থেকে এখন পর্যন্ত প্রদেশজুড়ে ১৭৪টি ছোট-বড় দাবানলের ঘটনা ঘটেছে। এর ৯০ শতাংশ ঘটেছে মানুষের অসর্তকতা ও অবহেলার কারণে।
সাধারণত রাশিয়ায় দাবানলের মৌসুম শুরু হয় মে মাসের মাঝামাঝি থেকে, তবে এবছর মৌসুম শুরু হয়েছে প্রায় দুই মাস আগে।
বুরইয়াশিয়ার সীমান্ত মঙ্গোলিয়ার সঙ্গে হওয়ায় এই দাবানল পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। তবে দীর্ঘস্থায়ী খরা ও অস্বাভাবিক তাপমাত্রার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

