৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা বিভাগ (বিএমকেজি)। সূত্র: আনাদোলু এজেন্সি
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মালুকুর বারাত দায়া জেলা থেকে প্রায় ১৮৯ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫১৫ কিলোমিটার গভীরে।
সৌভাগ্যবশত, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিছু বাড়িঘরে ফাটল ধরার খবর পাওয়া গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। বিএমকেজি জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির ঝুঁকি নেই।
ভৌগোলিক দিক থেকে ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলায় অবস্থিত এই দেশটিতে রয়েছে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি। এছাড়া ইউরেশিয়ান ও ইন্দো-অস্ট্রেলিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে প্রায়শই মাঝারি থেকে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পপ্রবণতার কারণে দেশটির জনগণকে নিয়মিত দুর্যোগ প্রস্তুতির মধ্যে থাকতে হয়। সরকারও ভূমিকম্প মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদার করে চলেছে।

