মেক্সিকোর জালিস্কো রাজ্যের জাপোনান শহরে টিকটক লাইভ চলাকালে গুলি করে হত্যা করা হয়েছে ২৩ বছর বয়সী ভ্যালেরিয়া মার্কেজকে। মঙ্গলবার (১৩ মে) কর্মস্থল-এ স্থানীয় বিউটি স্যালোনে- এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এনডিটিভির এক প্রতিবেদনে এমনটাই দেখা যায়, টিকটকে দুই লাখের বেশি অনুসারী থাকা মার্কেজ সেদিন রূপচর্চা বিষয়ক কন্টেন্ট তৈরির জন্য লাইভে ছিলেন। লাইভ চলাকালে তিনি জানান, স্যালোনে অজ্ঞাত কেউ তার জন্য একটি দামী উপহার রেখে গেছে- যা নিয়ে তিনি আতঙ্কিত ও চিন্তিত ছিলেন।
লাইভে থাকা অবস্থাতেই পেছন দিক থেকে একজনের উপস্থিতি টের পান মার্কেজ। তাকে কেউ ডাক দিলে তিনি পেছন ফিরে তাকান- ঠিক সেই মুহূর্তেই গুলিবিদ্ধ হন। এরপর ভিডিওতে এক ব্যক্তিকে ফোন করতে দেখা যায়, যার মুখ আংশিক ক্যামেরায় ধরা পড়ে। কিছুক্ষণ পরই লাইভ বন্ধ হয়ে যায়।
ঘটনার পর জালিস্কোর প্রসিকিউটরের কার্যালয় জানায়, এ হত্যাকাণ্ডকে ফেমিসাইড অর্থাৎ নারী হত্যার বিশেষ অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। মেক্সিকোর আইন অনুযায়ী, কোনও নারীকে তার নারী পরিচয়ের কারণে হত্যাসহ যৌন সহিংসতা বা প্রকাশ্যে মরদেহ ফেলে রাখার ঘটনা ফেমিসাইডের আওতাভুক্ত।
ভ্যালেরিয়া মার্কেজ পেশাগতভাবে বিউটি স্যালোনে কাজ করতেন এবং পাশাপাশি টিকটক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে রূপচর্চা বিষয়ক ভিডিও কনটেন্ট তৈরি করতেন।
এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার বা শনাক্ত করা হয়নি। তদন্ত চলমান রয়েছে। ঘটনার ভিডিও ক্লিপ এবং স্যালোনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনলাইনে নিরাপত্তা ও নারীর প্রতি সহিংসতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

