“হ্যালো! আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমরা গাজায় আছি। আমরা মারা যাচ্ছি।” এভাবেই এক হোয়াটসঅ্যাপ বার্তায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক অ্যালিস কাডির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আয়মান নামের এক ফিলিস্তিনি নাগরিক।
আয়মান বর্তমানে দক্ষিণ গাজার খান ইউনিসে নিজের পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলি অবরোধে অব্যাহত খাদ্য সংকট, পানি ও চিকিৎসাসেবার ঘাটতিতে তারা চরম মানবিক বিপর্যয়ের মুখে রয়েছেন।
আয়মান তার বার্তায় লেখেন, “আমার পরিবারের বাস্তবতা ভাষার বাইরে। ক্ষুধায় আমরা হাঁটতেও পারি না। আমি একটি ভিডিও বানিয়ে পাঠাতে চাই, ইনশাআল্লাহ।” তবে দীর্ঘ সময় ধরে ইন্টারনেট ও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় গাজা থেকে বার্তা প্রেরণও কঠিন হয়ে উঠেছে।
সাংবাদিক অ্যালিস জানান, তার পাঠানো বার্তার পাশে এখন কেবল একটি টিক চিহ্ন দেখা যাচ্ছে- যার অর্থ আয়মানের মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ নেই।
এদিকে ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরসহ বিভিন্ন স্থানে বিমান হামলা জোরদার করেছে। বুধবার ভোরে চালানো এসব হামলায় অন্তত ৫০ জন নিহত হন। খান ইউনিস শহরে নিহত হয়েছেন আরও ১০ জন। অন্যত্র হামলায়ও বহু হতাহতের খবর মিলেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৫২ হাজার ৯০৮ জন। এছাড়া গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অঞ্চলটির অধিকাংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় প্রবেশে সীমাবদ্ধতা থাকায় মূলত বার্তা ও ভিডিওর মাধ্যমেই মানবিক বিপর্যয়ের তথ্য বিশ্ববাসীর কাছে পৌঁছাচ্ছে। আয়মানের বার্তাটি এখন যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের প্রাণান্তকর বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

