ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ ১০ জন নিহত হয়েছেন। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, নিহতরা ‘সশস্ত্র উগ্রপন্থি’ গোষ্ঠীর সদস্য ছিলেন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বুধবার চালানো এ অভিযানের তথ্য জানিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় আসাম রাইফেলসের একটি দল অভিযান শুরু করে। এ সময় সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিরা সেনাদের লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলিতে তারা নিহত হন।
এক্স প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, এখনো অভিযান চলছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে নিহতদের পরিচয় কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
মণিপুর রাজ্য গত দুই বছর ধরে রাজনৈতিক ও জাতিগত অস্থিরতায় ভুগছে। ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষে অন্তত ২৬০ জন নিহত হয়। সহিংসতার জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং এখনো সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
সেনাবাহিনী অভিযোগ করছে, চলমান সহিংসতা ও নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে উগ্রবাদী গোষ্ঠীগুলো রাজ্যে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এসব ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযানের তীব্রতা বাড়ানো হয়েছে।

