ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া সর্বশেষ হামলায় কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ১০ জনে।
আল জাজিরা ও তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর পৃথক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুধু গত ২৪ ঘণ্টাতেই ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ১৫২ জন, ফলে মোট আহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২০ হাজারে।
গত বৃহস্পতিবার গাজা শহরের জাবালিয়া শরণার্থী শিবিরে একটি মেডিকেল ক্লিনিক লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আল জাজিরা জানিয়েছে, আল-তাওবাহ ক্লিনিকের ওপরের তলায় হামলার সময় রোগীরা সেখানে অবস্থান করছিলেন। হামলায় নিহত ১৩ জনের মধ্যে একাধিক শিশু রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করলে ২ হাজার ৮৭৬ জন ফিলিস্তিনি নিহত হন এবং আরও প্রায় ৮ হাজার মানুষ আহত হন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। পরবর্তী প্রায় দুই মাস গাজায় তুলনামূলক শান্তি বিরাজ করলেও- হামাসের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় অগ্রগতির অভাব দেখিয়ে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও আকাশপথে হামলা শুরু করে ইসরায়েল।
মানবাধিকার সংস্থাগুলো এই অবস্থাকে ‘গণহত্যামূলক আগ্রাসন’ হিসেবে বর্ণনা করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ এবং অসহায় মানুষের ওপর নির্বিচার হামলার দায়ে কাঠগড়ায় তুলেছে।
গাজা উপত্যকায় চলমান এই রক্তক্ষয়ী সংঘাতে নারী, শিশু ও সাধারণ মানুষের মৃত্যু প্রতিদিনই নতুন দুঃসংবাদ বয়ে আনছে, যা বিশ্ব মানবতা ও আন্তর্জাতিক আইন রক্ষায় বড় এক প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

