ইরানের সঙ্গে দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ নিষ্পত্তির পথে যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার কাতারে অবস্থানকালে তিনি বলেন, “আমরা হয়তো এমন একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি, যার জন্য আর বাড়তি পদক্ষেপ প্রয়োজন হবে না।”
কাতারে আল-উদেইদ বিমানঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশে ভাষণ শেষে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হন। তিনি বলেন, আমরা ইরানে কোনো পারমাণবিক ধোঁয়া তৈরি হতে দিতে যাচ্ছি না। শান্তিপূর্ণ সমাধানের জন্য গুরুত্বসহকারে আলোচনা চালিয়ে যাচ্ছি।
ট্রাম্প তার বক্তব্যে ইঙ্গিত দেন, ইরান সাম্প্রতিক কিছু শর্তে নমনীয়তা দেখিয়েছে। যদিও তিনি নির্দিষ্টভাবে তা ব্যাখ্যা করেননি, তবে ধারণা করা হচ্ছে, ইরানের শীর্ষ নেতার উপদেষ্টা আলী শামখানির এক মন্তব্যের প্রতি ইঙ্গিত করেছেন তিনি।
সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শামখানি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইরান পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত।
শামখানির মতে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ কমাতে এবং আন্তর্জাতিক পরিদর্শনের পথ সুগম করতে সম্মত হতে পারে। তবে বড় বাধা রয়ে গেছে। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে চাইলেও, তেহরান এটিকে ‘লাল রেখা’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে।
সম্প্রতি ওমানে অনুষ্ঠিত চতুর্থ দফা বৈঠকে যুক্তরাষ্ট্র একটি নতুন প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের ‘সবচেয়ে বিধ্বংসী শক্তি’ বলে মন্তব্য করেন। তার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, মার্কিন হুমকি ও নিষেধাজ্ঞা মানবাধিকার রক্ষার কথা বলার সঙ্গে সাংঘর্ষিক। আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী।
উল্লেখ্য, ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে সরে আসে। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার সম্ভাবনাকে নতুন করে সামনে এনেছে।

