তুরস্কের ইস্তাম্বুলে আজ (শুক্রবার) মুখোমুখি হচ্ছে রাশিয়া ও ইউক্রেন। যুদ্ধ শুরুর পর এটাই দুই দেশের মধ্যে অন্যতম আলোচিত শান্তি উদ্যোগ। তবে বৈঠকে শীর্ষ দুই নেতা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুপস্থিতি নিয়ে সফলতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা।
পুতিনের অনুপস্থিতির প্রতিবাদে বৈঠকে থাকছেন না জেলেনস্কিও। ফলে আলোচনায় অংশ নিচ্ছেন দুই দেশের মধ্যম সারির কূটনীতিক ও প্রতিনিধি পর্যায়ের সদস্যরা।
এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “পুতিনের উপস্থিত না থাকা এই প্রক্রিয়াকে অসম্মানজনক করে তুলেছে। এতে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বও একই অসম্মানের অংশীদার হয়ে দাঁড়াল।”
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, এই বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও তুরস্কের মধ্যে একটি ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র-তুরস্ক-ইউক্রেনের মধ্যেও আরেকটি বৈঠকের সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি নিজেই বলেছেন, আলোচনার সফলতা নিয়ে তার প্রত্যাশা সীমিত।
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি জানিয়েছেন, পূর্বনির্ধারিত শর্ত বাদ দিয়েই তারা আলোচনায় বসতে প্রস্তুত এবং আশাবাদী যে ইউক্রেনীয় প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেবেন।
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম শান্তি প্রক্রিয়া নিয়ে এমন কোনো আলোচনা হতে যাচ্ছে। যুদ্ধে এখন পর্যন্ত দুই পক্ষের হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
বিশ্লেষকদের মতে, নেতৃত্বহীন এই আলোচনা শুধুমাত্র প্রতীকী উদ্যোগে সীমাবদ্ধ থাকতে পারে, যদি না দুই দেশের শীর্ষ নেতৃত্ব ভবিষ্যতে আলোচনায় সরাসরি যুক্ত হন।

