মধ্যপ্রাচ্যে একসময়ের প্রভাবশালী শক্তি ইরান এখন প্রায় নিঃসঙ্গ। সিরিয়া ও লেবাননের মতো দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো কার্যত নিয়ন্ত্রণের বাইরে, আর ‘প্রতিরোধ বলয়’-এর অংশ হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের অনেকটাই কোণঠাসা করে ফেলেছে ইসরায়েলের একের পর এক সামরিক অভিযানে। দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়াতেও তেহরানের প্রভাব সীমিত। এমন বাস্তবতায় নতুন মিত্রের সন্ধানে আফ্রিকার দিকে ঝুঁকছে ইরান।
গত ২৬ এপ্রিল ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় ইরানের বন্দর আব্বাস শহরের শহিদ রাজাঈ বন্দর। এর ঠিক পরদিনই তেহরানে শুরু হয় চার দিনব্যাপী তৃতীয় ইরান-আফ্রিকা অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন, যেখানে আফ্রিকার ৩৮ দেশের ৭০০-র বেশি ব্যবসায়ী ও ৫০ জনেরও বেশি সরকারি কর্মকর্তা অংশ নেন।

সরকারনিয়ন্ত্রিত প্রেস টিভি ও অন্যান্য ইরানি সংবাদমাধ্যমে জানানো হয়, খনিজ, কৃষি, পেট্রোকেমিক্যাল ও চিকিৎসা সরঞ্জাম খাতে ইরান ও আফ্রিকার মধ্যে একাধিক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্মেলনের একটি অংশ ‘ইরান এক্সপো’ শীর্ষক প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষ হয় ঐতিহাসিক শহর ইস্পাহানে, যেখানে অতিথিরা শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সম্মেলনের সচিব সৈয়দ মেহদি হোসেইনি জানান, অংশগ্রহণকারীদের ২০ শতাংশ সম্মেলন শেষ হওয়ার পরও ইরানের অর্থনীতি সম্পর্কে আরও জানার জন্য সফর দীর্ঘায়িত করেন। আগামী সম্মেলনে কেরমান ও তাবরিজ প্রদেশে সফরের পরিকল্পনা রয়েছে।
ইরানের বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আতাবেক জানান, বর্তমানে আফ্রিকায় ইরানের রপ্তানি মোট রপ্তানির মাত্র ৩ শতাংশ, যার অর্থমূল্য ৮০০ মিলিয়ন ডলার। ভবিষ্যতে তা ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আকাশ ও জলপথে যোগাযোগ বৃদ্ধির দিকেও গুরুত্ব দিচ্ছে তেহরান।

তেহরান টাইমসের প্রতিবেদনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিভাগ পরিচালক জাভেদ দেগঘান হাঘিঘি বলেন, আফ্রিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে কোনো ঐতিহাসিক শত্রুতা নেই এবং পারস্পরিক শ্রদ্ধাবোধই দুই পক্ষের বন্ধনের ভিত্তি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে কৌশলগত বিচ্ছিন্নতা, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমাগত চাপে থাকা ইরান এখন এমন একটি মহাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে সচেষ্ট, যেখানে চীন, ভারত ও রাশিয়ার মতো শক্তিগুলো ইতিমধ্যে প্রতিযোগিতায় লিপ্ত। ফলে আফ্রিকায় ইরানের এই কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশল কতটা ফলপ্রসূ হয়, তা সময়ই বলে দেবে।

