কাশ্মীরের পেহেলগাঁও ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের ‘আধুনিক যুদ্ধপ্রযুক্তি ও কৌশলগত সাফল্যে’ প্রশংসা জানিয়েছে চীন। দেশটির সরকারি মহাকাশ সংস্থা-সমর্থিত সংবাদমাধ্যম চায়না স্পেস নিউজ এক বিশ্লেষণী প্রতিবেদনে পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় “নতুন মানদণ্ড” স্থাপনকারী দেশ হিসেবে উল্লেখ করেছে।
প্রতিবেদনটিতে বলা হয়, পাকিস্তান এবারের সংঘাতে ‘এবিসি’ নামে একটি নতুন নেটওয়ার্ক-কেন্দ্রিক কৌশল ব্যবহার করেছে। যেখানে ‘এ’ ইউনিট লক্ষ্য নির্ধারণ করে, ‘বি’ ইউনিট হামলা চালায় এবং ‘সি’ ইউনিট পুরো অপারেশনকে গাইড করে। এই সমন্বিত পদ্ধতির ফলে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়।
চীনভিত্তিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই বুদ্ধিদীপ্ত ও বিকেন্দ্রীকৃত ডেটা-চালিত কৌশল ভারতের তুলনামূলকভাবে পুরনো ও খণ্ডিত যুদ্ধপ্রক্রিয়াকে কার্যত অকার্যকর করে দিয়েছে। যদিও চীনা অস্ত্রের নাম সরাসরি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি, বিশ্লেষকদের মতে, পাকিস্তানের ব্যবহৃত যুদ্ধ সরঞ্জাম- এইচকিউ-৯পি এয়ার ডিফেন্স সিস্টেম, জেডডিকে-০৩ এডব্লিউএসিএস এবং পিএল-১৫ই মিসাইলযুক্ত জে-১০সি যুদ্ধবিমান- সবই চীনের প্রযুক্তি।
চায়না স্পেস নিউজ আরও দাবি করে জানায়, পাকিস্তান ও চীনের এই যৌথ প্রতিরক্ষা অংশীদারত্ব ভবিষ্যতের স্মার্ট যুদ্ধনীতির দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতের মন্থর প্রতিক্রিয়া ও দুর্বল ইন্টারঅপারেবিলিটির বিপরীতে পাকিস্তানের দ্রুত, সমন্বিত এবং প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা নীতি এই অঞ্চলের জন্য একটি কঠিন বার্তা।
প্রতিবেদনের শেষাংশে বলা হয়, পাকিস্তানের এই স্মার্ট ও আক্রমণাত্মক কৌশল শুধু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করেনি বরং ভবিষ্যতের যুদ্ধের রূপরেখাও স্পষ্ট করে তুলেছে। ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে চীন-পাকিস্তান সম্পর্ক আগামী দিনের যুদ্ধ কৌশলে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করা হয়।

