ইউক্রেনের বিমানবাহিনীর কাছে হস্তান্তরিত যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে এ দুর্ঘটনার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী।
এ বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানে ‘অস্বাভাবিক’ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাৎক্ষণিকভাবে পাইলট বিমানটিকে জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে নিয়ে যান এবং পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বিমানবাহিনী জানায়, প্রাথমিকভাবে রাশিয়ার কোনো হামলা এই দুর্ঘটনার পেছনে দায়ী নয় বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
এফ-১৬ বিধ্বস্ত হওয়ার এটি ইউক্রেনের দ্বিতীয় ঘটনা। গত বছর মার্কিন অনুমোদনে ইউক্রেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের কাছ থেকে এই উন্নত যুদ্ধবিমান পেতে শুরু করে। ২০২৪ সালের আগস্টে রাশিয়ার এক বড় আক্রমণ প্রতিহত করার সময় আরও একটি এফ-১৬ ভেঙে পড়ে- সে ঘটনায় পাইলট প্রাণ হারান।
দুর্ঘটনার সর্বশেষ তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত এফ-১৬ ব্যবহারে কোনো বিধিনিষেধ আসবে কিনা, সে বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

