ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ সুগম করতে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আগামী জুন মাসে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে আরব লীগের এক শীর্ষ কর্মকর্তা। ১৭ থেকে ২০ জুন পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে শুক্রবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে জানান আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি।
তিনি বলেন, এই সম্মেলনের লক্ষ্য জাতিসংঘের সাধারণ পরিষদের পূর্বের একটি প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধান অর্থাৎ ফিলিস্তিন ও ইসরায়েল—প্রতিষ্ঠা প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বাস্তব উপায় অনুসন্ধান করা।
সম্মেলনের নির্দিষ্ট ভেন্যু এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি ‘গুরুত্বপূর্ণ ও ব্যাপক’ পরিসরে আয়োজন করা হবে বলে জানান জাকি। তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে ফিলিস্তিন ইস্যুতে বিস্তৃত আলোচনা হবে এই সম্মেলনে।
আশা করা হচ্ছে, সম্মেলনের মধ্য দিয়ে কিছু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে, যা একটি ‘উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব’ ফেলবে আন্তর্জাতিক অঙ্গনে।
প্রসঙ্গত, গত এপ্রিলেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইঙ্গিত দিয়েছিলেন যে, তার দেশ আগামী মাসগুলোতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। এদিকে চলমান গাজা সংকট, সহিংসতা ও দুর্ভিক্ষের মুখে ফিলিস্তিনি জনগণের জন্য এমন একটি রাজনৈতিক অগ্রগতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
এই সম্মেলনটি যদি সফল হয়, তবে তা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাত নিরসনে একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।

