ইসরায়েলি অবরোধ ও লাগাতার হামলায় চরম মানবিক সংকটে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। আড়াই মাস ধরে সেখানে কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। খাদ্য, পানি ও ওষুধের ঘাটতি ভয়াবহ আকার ধারণ করেছে। জ্বালানির অভাবে কার্যত অচল হয়ে পড়েছে হাসপাতালগুলো। এর মধ্যেও ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি।
এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, “সেখানে বহু মানুষ না খেয়ে আছে।” শুক্রবার আবুধাবিতে উপসাগরীয় সফরের শেষ দিনে ট্রাম্প এই উদ্বেগ জানান।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরে কুয়েত, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত ঘুরলেও ইসরায়েলকে এড়িয়ে গেছেন। ধারণা করা হয়েছিল, এ সফর থেকে গাজায় সহায়তা প্রবেশে নতুন কোনো উদ্যোগের ঘোষণা আসবে। কিন্তু বাস্তবে সহিংসতা আরও বেড়েছে। গাজায় গত ৭২ ঘণ্টায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন প্রায় ২৫০ জন।
কাতারে অবস্থানকালে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র যদি গাজা নিয়ে নেয় এবং এটিকে একটি মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলে, তবে আমি গর্বিত হবো। হামাসকে মোকাবিলা করা হবে, মানুষকে নিরাপদ রাখতে হবে।” তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই হামাস জবাবে জানায়, সহায়তা ছাড়া অন্য কোনো আলোচনা গ্রহণযোগ্য নয়। সংগঠনটি স্পষ্ট ভাষায় বলে, “গাজা বিক্রির জন্য নয়।”
আলজাজিরার প্রতিবেদনে দেখা যায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত উত্তর গাজায় ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় আতঙ্ক ছড়িয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মোহাম্মদ আল-মুগাইর জানান, ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলমান সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৩ হাজার ১১৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ২০ হাজার।
উত্তর গাজার বাসিন্দা উম্মে মোহাম্মদ আল-তাতারি বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম, হঠাৎ বিস্ফোরণে সবকিছু উড়ে যায়। রাস্তায় রক্ত, শরীরের অংশ ছড়িয়ে ছিল। কারা মারা গেছে, আর কারা বেঁচে আছে- তা বোঝার সুযোগও ছিল না।
৩৩ বছর বয়সী আহমেদ নাসর বলেন, সারা রাত বোমাবর্ষণ হয়েছে। আমরা ঘুমাতে পারিনি। আমরা জানি না, কখন মৃত্যু হবে।
গাজায় এখনও ৫৭ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যাদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের সংগঠন Hostages and Missing Families Forum অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু জিম্মিদের মুক্ত করার একটি “ঐতিহাসিক সুযোগ” হারাচ্ছেন।
এক বিবৃতিতে তারা বলেছে, ট্রাম্পের সফর ও গাজায় চলমান হামলার খবর শুনে আমরা গভীর উদ্বেগ নিয়ে ঘুম থেকে উঠেছি। এই সুযোগ হারালে তা চিরকাল কলঙ্ক হিসেবে থেকে যাবে।
ট্রাম্পের প্রস্তাবের পরপরই হামাস স্পষ্ট করে জানায়, সবচেয়ে জরুরি হচ্ছে, গাজায় দ্রুত মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা। সহায়তা ছাড়া অন্য কোনো আলোচনাই গ্রহণযোগ্য নয়।
বিশ্লেষকদের মতে, গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের মধ্যে ট্রাম্পের এই মন্তব্য ও পরিকল্পনা একদিকে যেমন নতুন কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি করতে পারে, অন্যদিকে মানবিক সহায়তা পাঠানো আরও বিলম্বিত হতে পারে। গাজার মাটিতে এখন সবচেয়ে প্রয়োজন শান্তি, সহায়তা এবং আন্তর্জাতিক উদ্যোগ।

