ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে নয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয়জনই নারী। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (১৬ মে) দিনভর বজ্রসহ ঝড়বৃষ্টিতে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শনিবার (১৭ মে) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে কোরাপুট, জাজপুর ও গাঞ্জাম জেলায়।
কোরাপুট জেলায় বজ্রপাতে প্রাণ গেছে একই পরিবারের তিন নারীর। জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার সকালে তিনজন নারী খেতে কাজ করতে গিয়ে বৃষ্টির সময় আশ্রয় নিয়েছিলেন একটি খালি চালাঘরে। হঠাৎ করে ওই চালাঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতরা হলেন- ব্রুধি মানডিঙ্গা (৬০), তার নাতনি কাসা মানডিঙ্গা (১৮) ও আত্মীয়া অম্বিকা কাশী (৩৫)।
গুরুতর আহত হয়েছেন ব্রুধির স্বামী হিঙ্গু মানডিঙ্গা (৬৫)। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাজপুর জেলার বুরুসাহি গ্রামে নিহত হয়েছেন দুই কিশোর- তারে হেমব্রম (১৫) এবং টুকুলু ছাত্তার (১২)। শুক্রবার সন্ধ্যায় বাড়ির কাঁচা বারান্দায় বসে থাকার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
এদিকে গাঞ্জাম জেলার বারিদা ও বেলাগুন্ঠা গ্রামে বজ্রপাতে মারা গেছেন এক কিশোর (১৩) ও এক তরুণী (২৩)। কিশোর ওম প্রকাশ প্রধান ছিলেন সপ্তম শ্রেণির ছাত্র। ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান তারা।
সরকারি তথ্যমতে, ধেনকেনাল ও গাজাপাতি জেলায়ও বজ্রপাতে একজন করে নিহত হয়েছেন।
বজ্রপাত ও ঝড়বৃষ্টি আরো বাড়তে পারে- এমন পূর্বাভাস দিয়ে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) শুক্রবার সন্ধ্যায় ওড়িশার সাতটি জেলায় বজ্রপাত ও মৌসুমি ঝড়ের বিষয়ে ‘লাল সতর্কতা’ জারি করে। ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো: কোরাপুট, কুট্টাক, খুর্দা, নয়াগড়, জাজপুর, বালাসোর এবং গাঞ্জাম।
বজ্রপাতজনিত মৃত্যুর হার ভারতে সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অলাভজনক সংস্থা ক্লাইমেট রিসাইলেন্ট অবসার্ভিং সিস্টেমস প্রোমোশন কাউন্সিলের তথ্যমতে, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ সময়কালে বজ্রপাতজনিত মৃত্যু ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়াবিদেরা বলছেন, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা, গাছের নিচে অবস্থান না করা এবং আশ্রয়ের জন্য নিরাপদ কংক্রিট ভবনে অবস্থান করা জরুরি। ঝড়ের সময় কৃষিকাজ বন্ধ রাখার পরামর্শও দিয়েছেন তারা।

