পাকিস্তানকে প্রকাশ্য সমর্থন দেওয়ায় তুরস্কের বিরুদ্ধে বয়কট আন্দোলন জোরালো হয়ে উঠেছে ভারতজুড়ে। ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে শুরু হওয়া এই প্রতিবাদ এখন ছড়িয়ে পড়েছে বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রেও।
সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে তুরস্কের অবস্থানের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর থেকেই ভারতীয়রা তুরস্ক ভ্রমণ, সেখানকার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ডাক দিচ্ছেন।
বৃহস্পতিবার (১৫ মে) ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় নিরাপত্তা ইস্যুতে তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান সেলেবির কার্যক্রম বাতিল করে। প্রতিষ্ঠানটি দিল্লি ও মুম্বাই বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিচ্ছিল।
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং মওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি ইতোমধ্যে তুরস্কের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অ্যাকাডেমিক সম্পর্ক স্থগিত করেছে।
বিজেপির নেতা ও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, “ভারতীয়দের কষ্টার্জিত অর্থ এমন কোনও দেশের পেছনে ব্যয় হওয়া উচিত নয়, যারা আমাদের শত্রুদের পক্ষ নেয়।”
সামাজিক মাধ্যমে চলা বয়কট আন্দোলনের তাৎক্ষণিক প্রভাব পড়েছে ট্রাভেল বুকিংয়ে। ট্রাভেল সাইট মেকমাইট্রিপ জানিয়েছে, গত সপ্তাহেই তুরস্ক ও আজারবাইজানগামী বুকিং ৬০ শতাংশ কমে গেছে, বাতিলের হার বেড়েছে ২৫০ শতাংশ পর্যন্ত।
দিল্লির এক ট্রাভেল এজেন্ট বলেন, অনেক তরুণ ভ্রমণকারী এখন সামাজিক প্রতিক্রিয়ার ভয়ে তুরস্ক ভ্রমণ থেকে বিরত থাকছে। আমাদের সংস্থা আপাতত এসব গন্তব্যে প্যাকেজ বিনিয়োগ থেকে সরে এসেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে তুরস্ক সফর করেছেন প্রায় ৩ লাখ ৩০ হাজার ভারতীয়, যা দেশটির মোট পর্যটনে ১ শতাংশেরও কম অবদান রাখে। বিপরীতে আজারবাইজানে ভারতীয় পর্যটকদের অংশ ৯ শতাংশের কাছাকাছি।
বিশ্লেষকরা বলছেন, করোনা-পরবর্তী সময়ে ইউরোপীয় স্বাদের অভিজ্ঞতা, ভৌগোলিক নৈকট্য ও সাশ্রয়ী ভ্রমণের কারণে তুরস্ক ও আজারবাইজান ভারতীয় পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে চলমান রাজনৈতিক উত্তেজনায় সেই চিত্র বদলে যাচ্ছে।
বিকল্প গন্তব্য হিসেবে গ্রিসের মতো দেশগুলোর নাম উঠে এলেও এখনো এসবের ওপর বড় ধরনের চাহিদা তৈরি হয়নি বলে জানিয়েছে ট্রাভেল সাইট ক্লিয়ারট্রিপ।
তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান সেলেবি নিরাপত্তা ছাড়পত্র বাতিলের ঘটনাকে ‘অন্যায়’ বলে দাবি করেছে এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। তবে ভারত সরকারের অবস্থান বলছে, জাতীয় স্বার্থে এ সিদ্ধান্ত চূড়ান্ত।
বিশ্লেষকদের মতে, কূটনৈতিক টানাপড়েন আরও গভীর হলে ভারত-তুরস্ক বাণিজ্য ও পর্যটন খাতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।

