ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের বিলোপিলিয়া শহরে একটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। শনিবার (১৭ মে) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সুমি আঞ্চলিক সামরিক প্রশাসন।
স্থানীয় সময় সকালবেলা বাসটি সুমি শহরের দিকে যাচ্ছিল। এ সময় রাশিয়ার চালানো ‘ল্যানসেট’ নামের ড্রোন বাসটিকে লক্ষ্য করে আঘাত হানে বলে জানিয়েছেন সুমি আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেহ হৃরোহোরভ। তিনি ঘটনাটিকে ‘অমানবিক’ বলে বর্ণনা করেছেন।
ইউক্রেনের জাতীয় পুলিশ এক বিবৃতিতে হামলাটিকে ‘নিষ্ঠুর যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে বলেছে, “আন্তর্জাতিক আইন ও মানবাধিকার পুরোপুরি উপেক্ষা করে রাশিয়ান বাহিনী আবারও বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে।”
রাশিয়া এখনো এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সুমি অঞ্চলে একটি ‘সেনা সমাবেশে’ আঘাত হেনেছে।
এই হামলার খবর এসেছে এমন এক সময়ে, যখন ইস্তানবুলে ২০২২ সালের পর প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেন মুখোমুখি শান্তি আলোচনায় বসে। যদিও আলোচনায় তাৎপর্যপূর্ণ কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে দুই দেশ এক হাজার যুদ্ধবন্দিকে বিনিময়ে সম্মত হয়েছে।
বিশ্লেষকদের মতে, শান্তি আলোচনার এই ক্ষণিক আভাসের মধ্যেও বেসামরিক নাগরিকদের ওপর এমন হামলা সংকট আরও গভীর করতে পারে।

