ভারতের পাঞ্জাব রাজ্যের মোহালি শহরে এক নারী আইনজীবী ও তাঁর বোন যৌন হয়রানির শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে শহরের ব্যস্ত বিমানবন্দর সড়কের সিপি-৬৭ মলের কাছে, যেখানে গাড়িতে থাকা তিনজন পুরুষ প্রকাশ্যে তাঁদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করে এবং ভিডিও ধারণের চেষ্টা চালায়।
এ বিষয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৫ মে) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে হোন্ডা অ্যাক্টিভাতে করে বাড়ি ফেরার পথে ওই দুই নারী এ হেনস্তার শিকার হন। অভিযোগে বলা হয়, সিপি-৬৭ মলের আগে ট্রাফিক সিগন্যালে একটি গাড়িতে থাকা তিন যুবক তাদের গতিরোধ করে অশ্লীল ইঙ্গিত শুরু করে। প্রতিবাদ ও চিৎকার করলে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে স্থান ত্যাগ করে।
ঘটনার পরপরই মোহালির ফেজ-৮ থানায় অজ্ঞাতনামা তিন ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গাড়ির নম্বর শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এদিকে একই রাতে পাঞ্জাব ইউনিভার্সিটির ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিগ্যাল স্টাডিজের এক ছাত্রীও যৌন হয়রানির অভিযোগ করেন। তিনি জানান, ক্যাম্পাসের মধ্য দিয়ে হোস্টেলের পথে হেঁটে যাওয়ার সময় একটি গাড়িতে থাকা দুই যুবক তাঁকে লক্ষ্য করে অশালীন আচরণ করে।
দুইটি পৃথক ঘটনার তদন্ত শুরু করেছে মোহালি পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

