সশস্ত্র সংঘাত ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই রাশিয়ার রাজধানী মস্কোয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মিয়ানমারের সামরিক জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজের ফাঁকে ৯ মে এই বৈঠকটি হয়। বিশ্লেষকদের মতে, বৈঠকটি নিছক আনুষ্ঠানিকতা নয় বরং চীনের পক্ষ থেকে জান্তা সরকারের প্রতি প্রকাশ্য কৌশলগত সমর্থনের বার্তা।
অভ্যুত্থানের পর মিন অং হ্লাইং বহুবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের চেষ্টা করলেও বেইজিং এতদিন তা এড়িয়ে গিয়েছিল। এমনকি ২০২৪ সালের শেষ দিকে চীন সফরে গিয়েও শি জিনপিংয়ের সাক্ষাৎ পাননি তিনি। তবে এবার রাশিয়ার মধ্যস্থতায় এই বৈঠক সম্ভব হলো, যখন জান্তা সরকারের নিয়ন্ত্রণ দেশের মাত্র ২০ শতাংশ অঞ্চলে সীমাবদ্ধ।
বৈঠকে শি জিনপিং মিয়ানমারের জান্তা সরকারের প্রতি সরাসরি সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনী পরিকল্পনার প্রতি সমর্থন প্রকাশ করেন। কিন্তু তিনি যুদ্ধাপরাধ, বেসামরিক জনগণের ওপর বিমান হামলা বা মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো এড়িয়ে যান। বিশ্লেষকদের মতে, চীনের এই নীরবতাই জান্তাকে আরও বেপরোয়া করে তুলতে পারে।
বৈঠকটি শুধু চীন-মিয়ানমার নয় বরং রাশিয়া-চীন-মিয়ানমার ত্রিপাক্ষিক সহযোগিতার ইঙ্গিত বহন করে। দুই দেশই জান্তা সরকারের প্রধান অস্ত্র সরবরাহকারী- চীন ড্রোন ও নজরদারি প্রযুক্তি, আর রাশিয়া যুদ্ধবিমান ও গোলাবারুদ সরবরাহ করছে। সামরিক সহায়তার পাশাপাশি চীনের প্রভাব মিয়ানমারের অভ্যন্তরীণ নীতিতেও বাড়ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, চীনের সহায়তায় জান্তা সরকার হয়তো সাময়িকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে কিন্তু এ নির্ভরতা দীর্ঘমেয়াদে বিপজ্জনক হয়ে উঠবে। জেসন টাওয়ার বলেন, জান্তা ক্রমেই চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, যা ভবিষ্যতে তাদের স্বাধীনতাকে খর্ব করতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, মিয়ানমার এখন শুধু একটি গৃহযুদ্ধ কবলিত রাষ্ট্র নয় বরং ভারত ও চীনের কৌশলগত প্রতিযোগিতার নতুন ফ্রন্টলাইন। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে কিয়াউকফিউ বন্দর থেকে ইউনান পর্যন্ত করিডোর নির্মাণে সচেষ্ট, অন্যদিকে ভারত কালাদান প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের বিকল্প সংযোগ খুঁজছে।
তবে সবাই এই বৈঠককে জান্তা সরকারের জন্য বিজয় মনে করছেন না। ওয়াশিংটনের ন্যাশনাল ওয়ার কলেজের অধ্যাপক জাকারি আবুজার মতে, “ছবিতে হয়তো হাসিমুখ দেখা গেছে কিন্তু বাস্তবে চীন জান্তাকে সামরিক সাফল্যের জন্য চাপ দিতে পারে। সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে চীনের সমর্থন দীর্ঘস্থায়ী হবে না।”
শি-মিন বৈঠক জান্তা সরকারের জন্য মনস্তাত্ত্বিক জোগান হিসেবে কাজ করলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব মিয়ানমার এবং গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুতর প্রশ্ন তুলছে। রাজনৈতিক ও কূটনৈতিকভাবে এ বৈঠক চীন-রাশিয়া-জান্তা ত্রিভুজের গঠনকে স্পষ্ট করে তুললেও মানবাধিকার ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে।

