নারী, কিশোর, বৃদ্ধ ও ক্যান্সার রোগীসহ অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দেওয়ার ঘটনায় ভারত সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। জাতিসংঘ ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছে মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর।
জাতিসংঘের এক মানবাধিকার বিশেষজ্ঞ এ ঘটনাকে “অসহনীয় ও অগ্রহণযোগ্য” আখ্যা দিয়ে ভারত সরকারকে অবিলম্বে এমন প্রাণঘাতী ও অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ৬ মে ভারতীয় বাহিনী রোহিঙ্গাদের একটি গ্রুপকে গ্রেপ্তার করে চোখ বেঁধে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যায়। এরপর নৌবাহিনীর একটি জাহাজে করে তাদের মিয়ানমারের তানিনথারাই উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানেই রোহিঙ্গাদের লাইফ জ্যাকেট পরিয়ে সমুদ্রে লাফ দিতে বাধ্য করা হয় এবং সাঁতরে উপকূলের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ভুক্তভোগীদের মধ্যে ছিলেন কিশোর, বৃদ্ধ ও এমনকি একজন ক্যান্সার রোগীও। যদিও পরবর্তীতে সবাই কোনোভাবে উপকূলে পৌঁছাতে সক্ষম হন বলে জানিয়েছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ (PUCL)।
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সাগরে ফেলে দেওয়ার ধারণাটিই ভয়াবহ। এটি আন্তর্জাতিক আইন ও মানবিকতার ঘোরতর লঙ্ঘন।
রোহিঙ্গাদের সন্ত্রাসবাদে জড়িত বলে মনে করে ভারত সরকার। বিজেপি শাসিত দেশটি রোহিঙ্গাদের ‘অবৈধ অভিবাসী’ হিসেবে বিবেচনা করে। উল্লেখ্য ভারত ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী নয় এবং দেশটিতে শরণার্থীদের সুরক্ষার জন্য আলাদা কোনো আইনি কাঠামো নেই।
বিজেপির জ্যেষ্ঠ নেতা ও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি মন্তব্য করেছেন, নতুন পদ্ধতির মাধ্যমে আইনি প্রক্রিয়া ছাড়াই অভিবাসীদের ফেরত পাঠানো হবে। তিনি এটিকে “নতুন উদ্ভাবন” বলেও অভিহিত করেন।
এ ধরনের ঘটনা একক নয়। চলতি মাসেই বাংলাদেশের উপকূলীয় মংলার মন্দারবারিয়া সৈকতের কাছে ৭৮ জন বিধ্বস্ত অভিবাসীকে উদ্ধার করে কোস্টগার্ড। তারা জানায়, গুজরাট থেকে তাদের ধরে এনে সীমান্ত এলাকায় পাঠিয়ে লঞ্চে করে ফেলে দেওয়া হয়। উদ্ধারকৃতদের অনেকে শারীরিক নির্যাতনের শিকার হন- একজনের হাত ছিল ভাঙা।
আসাম রাজ্যে আটক প্রায় ১০০ রোহিঙ্গার মধ্যে অনেককেই বাংলাদেশ সীমান্তে ‘পুশ ইন’ করার অভিযোগও উঠেছে। এই বিষয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা থেকে জানা যায়, কিছু রোহিঙ্গাকে জোর করে সীমান্তে পাঠানো হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এমন দমনমূলক ও নিষ্ঠুর নীতি শুধু মানবাধিকারের জন্যই নয়, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ ধরনের ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া দেখালেও ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা মন্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে ভারতের মানবিক অবস্থান ও নীতির ওপর নতুন করে প্রশ্ন উঠেছে।

