ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরা জেলার একটি ইটভাটা এলাকা থেকে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
পুলিশের দাবি, মথুরার নৌঝিল থানার অন্তর্গত খাজপুর গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থান করছিলেন এসব বাংলাদেশি নাগরিক। শুক্রবার (১৬ মে) স্থানীয় ইটভাটাগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মথুরার পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী এবং ২৮ জন শিশু। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কোনও পাসপোর্ট বা ভিসা দেখাতে পারেননি।
অভিযানের সময় পুলিশের হাতে বেশ কয়েকটি আধার কার্ড (ভারতের জাতীয় পরিচয়পত্র) আসে, যেগুলো জাল নথির মাধ্যমে তৈরি বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এসব জাল পরিচয়পত্রের পেছনে একটি সক্রিয় চক্রের ভূমিকা থাকতে পারে।
তদন্তকারীদের দাবি, আটক ব্যক্তিরা তিন থেকে চার মাস আগে পার্শ্ববর্তী রাজ্য হয়ে মথুরায় প্রবেশ করেছিলেন। এখন পুলিশ স্থানীয় ঠিকাদার ও দালালদের খোঁজ নিচ্ছে, যারা এ ধরনের অনুপ্রবেশে সহযোগিতা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্তাধীন, এবং শিগগিরই আরও তথ্য প্রকাশ করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভারতের বিদেশি নাগরিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এই ঘটনায় ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

