বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদের পুশব্যাক করা হবে না বরং আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৭ মে) সুন্দরবনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে যদি কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকে, তাহলে তাদেরও আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো উচিত। আমরা ভারতের মতো কাউকে জোর করে পুশইন করি না। তিনি জানান, পুশইনের ঘটনায় বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে, তবে এখন পর্যন্ত বিষয়টি উসকানিমূলক হিসেবে দেখছে না সরকার।
সুন্দরবনসহ দেশের বিভিন্ন সীমান্তে ভারতের পুশইনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, এসব পুশইনের মধ্যে রোহিঙ্গা ও ইউএনএইচসিআরের কার্ডধারী ব্যক্তিদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে এবং সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতের নাগরিক বা রোহিঙ্গা যদি বাংলাদেশে পুশইন করা হয়, তবে তাদের প্রোপার চ্যানেলে ফেরত পাঠানো হবে। পুশব্যাকের সুযোগ নেই। তিনি বলেন, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইনের চেষ্টা চালানো হয়েছিল, তবে বিজিবি, আনসার ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়েছে।
তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে ভারত কখনো পুশইন করতে পারবে না। বিজিবির সঙ্গে জনগণের ও সাংবাদিকদের সহযোগিতা এখন খুবই গুরুত্বপূর্ণ।
পুশইন ঠেকাতে প্রতিবাদমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনৈতিক সমাধানের জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
বাংলাদেশ সরকার এ বিষয়ে শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।

