রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো জোটের কয়েকজন নেতার সঙ্গেও আলোচনায় বসবেন ট্রাম্প। খবর আল জাজিরা ও বিবিসির।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় পুতিনের সঙ্গে তার টেলিফোনে আলাপ হবে। এর পরপরই তিনি জেলেনস্কি ও ন্যাটোভুক্ত কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন। আলোচনার লক্ষ্য- রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা।
ট্রাম্প বলেন, “আশা করি এটি একটি ফলপ্রসূ দিন হবে। আমি বিশ্বাস করি আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির পথে অগ্রগতি সম্ভব। এটি একটি ভয়াবহ যুদ্ধ, যা কখনোই শুরু হওয়া উচিত ছিল না। তবে এই যুদ্ধের শেষ অবশ্যই আসবে।”
প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণাটি এমন সময় এল, যখন শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনা করেছে। যদিও আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি, তবে উভয় পক্ষই বন্দি বিনিময়ের বিষয়ে একমত হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের উদ্যোগটি যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করতে পারে, যদিও এর বাস্তব সফলতা নির্ভর করছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিক্রিয়ার ওপর।

