গাজায় ইসরাইলি সেনাবাহিনীর ভয়াবহ হামলার মধ্যেই কাতারের রাজধানী দোহায় আবারও শুরু হয়েছে যুদ্ধবিরতি আলোচনা। ইসরাইল ও হামাস উভয়পক্ষই আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার (১৭ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানিয়েছেন, দোহায় হামাস প্রতিনিধিদল ‘জিম্মি চুক্তির বিষয়ে’ আলোচনায় ফিরে এসেছে এবং ইসরাইলও কোনো শর্ত ছাড়াই আলোচনায় অংশ নিয়েছে।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল-নোনো জানান, হামাস তাদের অবস্থান তুলে ধরে গাজায় যুদ্ধ বন্ধ, বন্দি বিনিময়, ইসরাইলি সেনা প্রত্যাহার, মানবিক সহায়তা ও জনগণের মৌলিক চাহিদা পূরণের বিষয়টি আলোচনায় প্রাধান্য দিয়েছে।
তবে এই আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, শনিবারের ইসরাইলি হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি বাহিনী দাবি করেছে, তারা হামাসের ওপর ‘প্রচণ্ড চাপ’ প্রয়োগ করছে এবং “অপারেশন গিডিয়ন রথ” পুরো শক্তি দিয়ে পরিচালিত হচ্ছে।
গত তিন দিনেই গাজায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে উত্তর গাজার বেইত লাহিয়া ও জাবালিয়া অঞ্চলে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২০ হাজারের বেশি আহত হয়েছেন।
এর পূর্বে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া অভিযানে দুই মাসেই প্রাণ হারিয়েছেন আরও ৩ হাজারের বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৮ হাজারেরও বেশি।
দোহায় শুরু হওয়া আলোচনায় এবার কোনো ইতিবাচক অগ্রগতি হয় কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

