বিদেশি বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করতে ১০ বছরের গোল্ডেন ভিসা চালুর পরিকল্পনা করেছে ভিয়েতনাম। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি তিন স্তরবিশিষ্ট একটি নতুন ভিসা প্রোগ্রাম চালুর সুপারিশ পেয়েছে, যা দেশটির পর্যটন এবং অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়ক হবে। সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস
ভিয়েতনাম ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ড সরকারের কাছে যে প্রস্তাবনা দিয়েছে, তার প্রথম স্তর হলো গোল্ডেন ভিসা। এই ভিসায় ভিয়েতনামে ৫ থেকে ১০ বছর পর্যন্ত বসবাস করা যাবে এবং পরবর্তীতে এর মেয়াদ বৃদ্ধির সুযোগও থাকবে।
দ্বিতীয় স্তরে রয়েছে ইনভেস্টর ভিসা, যার মেয়াদ ১০ বছর। এই ভিসাধারীরা পাঁচ বছর পর স্থায়ী আবাসন সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
তৃতীয় স্তরে থাকছে ট্যালেন্ট ভিসা, যা নির্দিষ্ট পেশাজীবীদের জন্য প্রযোজ্য হবে। এই ভিসার মেয়াদ ৫ বছর এবং সহজেই নবায়নযোগ্য।
নতুন এ প্রোগ্রামের নির্দিষ্ট যোগ্যতা ও আবেদনের নিয়ম এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল হওয়ার কথা রয়েছে- অর্থাৎ আবেদনকারীদের দূতাবাসে শারীরিকভাবে উপস্থিত হওয়ার প্রয়োজন পড়বে না।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ভিয়েতনামের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে বিদেশি অবদান বাড়াবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ভিয়েতনাম এক প্রজন্মের ব্যবধানে দরিদ্র দেশের তালিকা থেকে উঠে এসে মধ্যম আয়ের দেশের কাতারে স্থান পেয়েছে। ২০৪৫ সালের মধ্যে উচ্চ আয়ের দেশের কাতারে পৌঁছাতে চায় দেশটি।
প্রস্তাব অনুযায়ী, গোল্ডেন ভিসা প্রোগ্রামটি সারা দেশে চালুর আগে পরীক্ষামূলকভাবে ফু কুয়ক, হো চি মিন সিটি, হ্যানয় এবং দা নাং শহরে চালু করার পরিকল্পনা রয়েছে। এই শহরগুলোতে প্রতিবছর লাখো পর্যটক ভিড় করেন।
এই উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ২ কোটি ৩০ লাখ বিদেশি পর্যটক টানার লক্ষ্য নিয়েছে হ্যানয়। ২০২৪ সালে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ১ কোটি ৭৬ লাখ।
উল্লেখযোগ্যভাবে, দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশ- যেমন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া- ইতোমধ্যে দীর্ঘমেয়াদি বসবাসের জন্য বিশেষ ভিসা প্রোগ্রাম চালু করেছে। বিপরীতে ইউরোপের অনেক দেশ এখন এসব প্রোগ্রাম বন্ধের পথে। সম্প্রতি মাল্টা ও স্পেন তাদের গোল্ডেন ভিসা বা পাসপোর্ট প্রোগ্রাম বাতিল করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, ভিয়েতনামের নতুন ভিসা পরিকল্পনা কেবল অর্থনৈতিক নয়, আন্তর্জাতিক প্রভাব ও পর্যটন খাতকেও শক্তিশালী ভিত্তি দিতে পারে।

