সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর অবস্থান জানিয়ে সন্ত্রাসীদের ‘ভারতের বিমান বাহিনীর মতো পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সম্প্রতি সিয়ালকোটে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সূত্র: এআরওয়াই নিউজ
প্রতিরক্ষামন্ত্রী বলেন, “সন্ত্রাসীদের ভবিষ্যৎ হবে ভারতের যুদ্ধবিমানের মতোই। যারা পাকিস্তানে হামলা চালাচ্ছে, তাদের এখন সেই পরিণতির জন্য প্রস্তুত থাকা উচিত।”
তিনি আরও অভিযোগ করেন, ভারত পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর পেছনে সক্রিয়ভাবে জড়িত। ভারতের ‘এজেন্টদের’ মাধ্যমে পাকিস্তানে হামলা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক এক সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি জানান, ১০ মে পাকিস্তান সেনাবাহিনী শত্রু পক্ষকে যে সাহসিকতা ও দক্ষতায় প্রতিরোধ করেছে, তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে দেশ ঐক্যবদ্ধভাবে জবাব দিয়েছে।
খাজা আসিফ আরও বলেন, পূর্বে জাতির মধ্যে মতপার্থক্য থাকলেও, ভারতের আগ্রাসনের পর পুরো জাতি এক ছাতার নিচে এসেছে। বেসামরিক ও সামরিক নেতৃত্ব এখন একসঙ্গে কাজ করছে। সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ স্বীকৃতি পাচ্ছে এবং জনগণও তাদের পাশে রয়েছে।
ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যদি ভারত আবার এমন কিছু করার চেষ্টা করে, তবে আগের চেয়ে আরও কঠোর জবাব পাবে। আমাদের বিমানবাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। আমরা ভারতের ১০টি যুদ্ধবিমানের গতিবিধি নজরে রেখেছি।
দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে আসা পাকিস্তান বহু প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতির মধ্যেও অবস্থান থেকে সরেনি। প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য দেশটির সেই কঠোর নীতিরই পুনরুল্লেখ বলে মনে করছেন বিশ্লেষকরা।

