পাকিস্তানের ভেতরে ঢুকে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে গোটা বিশ্ব- এমন দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, স্বাধীনতার পর এই প্রথম ভারতীয় সেনা পাকিস্তানের ভেতরে ১০০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে।
শনিবার (১৭ মে) গুজরাটের গান্ধীনগরের কোলাভাডা গ্রামে এক জনসভায় এসব মন্তব্য করেন অমিত শাহ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বার্তাসংস্থা পিটিআই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
অমিত শাহ জানান, ‘অপারেশন সিন্দুর’ নামের এই অভিযানে প্রায় ১০০ সন্ত্রাসী নিহত হয়েছে এবং পাকিস্তানের ১৫টি সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তার ভাষায়, এসব আঘাতে পাকিস্তান বিমানবাহিনীর জবাব দেওয়ার সক্ষমতাও নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, পেহেলগামে নিরীহ ২৬ জন ভারতীয় নাগরিককে হত্যা করেছিল সন্ত্রাসীরা। তারই জবাবে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত এমন জবাব দিয়েছে- যা আগেও দেখা যায়নি।
অমিত শাহ আরও দাবি করেন, মোদি সরকারের আমলে উরি, পুলওয়ামা এবং সর্বশেষ পেহেলগামের ঘটনার পর ভারত কঠোর সামরিক পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে শুধু প্রতিশোধই নয়, আন্তর্জাতিক পরিসরে ভারতীয় সামরিক সক্ষমতারও প্রমাণ মিলেছে।
তিনি বলেন, পাকিস্তান আর আগের মতো বারবার হামলা চালিয়ে ছাড় পাবে না। ভারতের বার্তা এখন স্পষ্ট- যে আঘাত করবে, তার জবাব দ্বিগুণ শক্তিতে পাবে।
পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই উন্নত যে, শত্রুপক্ষের কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভারতীয় ভূখণ্ডে পৌঁছাতে পারেনি।
ভারতীয় সেনার এই সফলতা প্রধানমন্ত্রী মোদির ‘দৃঢ় সিদ্ধান্ত’ এবং দেশের নিরাপত্তা নিয়ে তার ‘অটল অবস্থান’-এর ফল বলেও উল্লেখ করেন অমিত শাহ।

